TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউনিভার্সাল ক্রেডিটসহ ৪ বেনিফিট গ্রহীতারা পেতে পারেন £১৫০ সহায়তাঃ দ্রুত পদক্ষেপের পরামর্শ

আসন্ন শীত মৌসুমে জ্বালানি ব্যয়ের চাপ কমাতে যুক্তরাজ্যের সরকারি ভাতাভোগী লাখো পরিবারের জন্য £১৫০ ওয়ার্ম হোম ডিসকাউন্ট নিশ্চিত করেছে সরকার। তবে এই সহায়তা পেতে হলে যোগ্য গ্রাহকদের অবশ্যই আগামী ২৩ আগস্টের মধ্যে তাদের নাম বিদ্যুৎ বিলে অন্তর্ভুক্ত থাকতে হবে। সরকার বলছে, নির্ধারিত তারিখের পর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্যের ভিত্তিতেই কারা এই সহায়তা পাবেন, তা নির্ধারণ করা হবে।

সরকার জানিয়েছে, গত বছর ওয়ার্ম হোম ডিসকাউন্ট কর্মসূচির আওতা বাড়ানোর ফলে আরও বিপুলসংখ্যক পরিবার এই সহায়তার অন্তর্ভুক্ত হয়েছে। এখন যেসব পরিবারের বিদ্যুৎ বিল পরিশোধকারী ব্যক্তি সরকারি ভাতা পান, তারা নির্ধারিত শর্ত পূরণ করলে শীতকালীন বিদ্যুৎ ব্যয়ে £১৫০ ছাড় পাবেন।

ইংল্যান্ড ও ওয়েলসে ইউনিভার্সাল ক্রেডিট, হাউজিং বেনিফিট, ইনকাম-রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স (ESA) এবং পেনশন ক্রেডিট গ্রহণকারীরা এই স্কিমের আওতায় আসতে পারেন। তবে সরকার স্পষ্ট করেছে, শুধু ভাতা গ্রহণ করলেই হবে না; আবেদনকারী বা তার সঙ্গীর নাম সংশ্লিষ্ট বিদ্যুৎ বিলে থাকতে হবে এবং তাদের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ওয়ার্ম হোম ডিসকাউন্ট কর্মসূচিতে অংশগ্রহণকারী হতে হবে।

জ্বালানিমন্ত্রী মিয়াতা ফানবুলেহ বলেছেন, শীতের বিদ্যুৎ বিল নিয়ে অনেক পরিবার উদ্বিগ্ন থাকে। তাই সরকার পরিবারগুলোকে কিছুটা আর্থিক স্বস্তি দিতে এবং জ্বালানি ব্যয়ের চাপ কমাতে এই সহায়তা অব্যাহত রেখেছে। তিনি জানান, গত শীতে কর্মসূচি সম্প্রসারণের ফলে শিশু রয়েছে—এমন প্রায় ১০ লাখ অতিরিক্ত পরিবার £১৫০ ওয়ার্ম হোম ডিসকাউন্টের সুবিধা পেয়েছে। তিনি আরও আহ্বান জানান, যাদের এই সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা যেন দ্রুত নিশ্চিত করেন যে তাদের নাম বিদ্যুৎ বিলে সঠিকভাবে অন্তর্ভুক্ত রয়েছে।

সরকার আরও জানিয়েছে, যারা সম্প্রতি নতুন বাসায় উঠেছেন অথবা যাদের বিদ্যুৎ বিল অন্য কারও নামে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। একইভাবে কী বা কার্ডের মাধ্যমে প্রিপেমেন্ট মিটার ব্যবহারকারীদেরও নিশ্চিত করতে হবে যে তাদের বিদ্যুৎ অ্যাকাউন্টটি তাদের নিজের নামে নিবন্ধিত আছে। অন্যথায় যোগ্য হয়েও তারা £১৫০ ওয়ার্ম হোম ডিসকাউন্ট থেকে বঞ্চিত হতে পারেন।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (DWP) জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণকারী পরিবারগুলোকে ‘কোর গ্রুপ’ হিসেবে বিবেচনা করা হবে এবং এই গ্রুপের সদস্যরাই স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ম হোম ডিসকাউন্টের জন্য যোগ্য হবেন।

বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় এবং জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে £১৫০ ওয়ার্ম হোম ডিসকাউন্ট অনেক নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তবে এই সুবিধা নিশ্চিত করতে হলে ২৩ আগস্টের আগেই বিদ্যুৎ বিলের তথ্য হালনাগাদ করা অত্যন্ত জরুরি।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এম.কে

আরো পড়ুন

টেমস ভ্যালি পুলিশের প্রধান সাময়িক বরখাস্ত

রুয়ান্ডায় মানবাধিকার কর্মী প্রবেশে বাঁধা দেয়ায় প্রশ্নের মুখে যুক্তরাজ্যের রুয়ান্ডানীতি

গাজা যুদ্ধবিরতি তদারকিতে বিশ্বনেতাদের বোর্ডঃ প্রস্তাব পেয়েছেন কিয়ার স্টারমার