TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এআইয়ের অতিরিক্ত ব্যবহারে দক্ষতা হারানোর ঝুঁকিতে তরুণ ব্রিটিশ পুলিশ কর্মকর্তারা

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে নতুন ও জুনিয়র কর্মকর্তাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে ভবিষ্যতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় বিচার-বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

‘ফিউচারপ্রুফিং দ্য মেট’ শীর্ষক এক প্রতিবেদনে এ উদ্বেগ তুলে ধরেছেন লন্ডন অ্যাসেম্বলিতে লেবার পার্টির পুলিশিং ও অপরাধবিষয়ক মুখপাত্র মারিনা আহমদ।

প্রতিবেদনে বলা হয়েছে, মেট পুলিশ ইতোমধ্যে বিভিন্ন কাজে এআই প্রযুক্তি ব্যবহার করছে। লাইভ ফেসিয়াল রিকগনিশন (এলএফআর), হাজার হাজার ঘণ্টার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে কর্মকর্তাদের সময় বাঁচছে এবং অপরাধ দমনে মাঠপর্যায়ে কাজ করার সুযোগ বাড়ছে।

তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নতুন কর্মকর্তাদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ কমিয়ে দিতে পারে। আগে কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে আলামত বিশ্লেষণ, মাদক ব্যবসাসংক্রান্ত তথ্য অনুসন্ধান এবং অপরাধীদের আচরণের ধরন পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতেন। এআই এসব কাজ করে দিলে নতুন কর্মকর্তারা প্রয়োজনীয় দক্ষতা অর্জন থেকে বঞ্চিত হতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এআই কোনো ভুল তথ্য দিলে তা শনাক্ত ও যাচাই করার মতো বিচার-বিশ্লেষণী দক্ষতা কর্মকর্তাদের থাকতে হবে। এজন্য প্রশিক্ষণের সময় নতুন কর্মকর্তাদের কিছু কাজ হাতে-কলমে করার সুযোগ বজায় রাখার সুপারিশ করা হয়েছে।

মারিনা আহমদ বলেছেন, প্রযুক্তি মানুষের কাজ সহজ করে দিলে সেটি ব্যবহারের প্রবণতা স্বাভাবিক। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের সম্পৃক্ততা থাকতে হবে। এআই সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবেন পুলিশ কর্মকর্তা। এআইয়ের ওপর নির্ভর করার আগে কর্মকর্তাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিশ্চিত করা জরুরি।

এআই ব্যবহারের পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, মেট পুলিশের এআই অবকাঠামোতে সফল সাইবার হামলা হলে তদন্ত, ঝুঁকি মূল্যায়ন এবং আলামত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হতে পারে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের ২০২৫ সালের বার্ষিক পর্যালোচনা অনুযায়ী, এক বছরে সংস্থাটির সহায়তা প্রয়োজন হয়েছে এমন ৪২৯টি সাইবার ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর প্রায় অর্ধেক ছিল জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ।

এ ধরনের ঝুঁকি মোকাবিলায় মেট পুলিশের প্রতিটি এআই ব্যবস্থার বিকল্প কার্যপদ্ধতি বা ব্যাকআপ ব্যবস্থা পরীক্ষিত অবস্থায় রাখার সুপারিশ করা হয়েছে, যাতে প্রযুক্তিগত বিপর্যয় কিংবা সাইবার হামলার পরও কর্মকর্তারা কাজ চালিয়ে যেতে পারেন।

প্রতিবেদনে পুলিশিংয়ে এআই ব্যবহারের জন্য আলাদা আইন প্রণয়ন এবং একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনের আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবিত সংস্থাটি পুলিশের ব্যবহারের জন্য নতুন কোনো প্রযুক্তি অনুমোদনের আগে তা পর্যালোচনা করতে পারবে এবং প্রয়োজন হলে ব্যবহার প্রত্যাখ্যান করতে পারবে।

মারিনা আহমদ বলেন, লাইভ ফেসিয়াল রিকগনিশন বিপজ্জনক অপরাধীদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রশাসনিক কাজ ও কাগজপত্রের চাপ কমিয়ে এআই পুলিশ কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরও বেশি সময় দেওয়ার সুযোগ তৈরি করতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যাতে দায়িত্বশীল ও স্বচ্ছ হয়, সে বিষয়ে জনগণের আস্থা নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, মেট পুলিশের কমিশনার স্যার মার্ক রাউলি বর্তমান নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর আগে জুলাইয়ে তিনি বলেছিলেন, তথ্য সুরক্ষা আইন (জিডিপিআর), মানবাধিকার আইন ১৯৯৮ এবং নজরদারি ক্যামেরা ব্যবহারের নীতিমালার মতো বিদ্যমান আইন ও বিধিবিধান নাগরিকদের সুরক্ষায় যথেষ্ট।

তার মতে, এআইয়ের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগের চেয়ে প্রযুক্তির দিক থেকে অপরাধীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পুলিশ সক্ষম কি না, সেটিই লন্ডনবাসীর বড় উদ্বেগ।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অভিবাসন কমাতে গিয়ে ২০ বিলিয়ন পাউন্ডের রাজস্ব ঝুঁকিঃ কর বাড়ার আশঙ্কায় ব্রিটেন

যুক্তরাজ্যে ডমোস্টিক ভায়োলেন্সের মামলায় আইনি সহায়তা বাধ্যতামূলক করার দাবি বার কাউন্সিলের

পূর্ব লন্ডনের নিউহ্যামে জনশূন্যতার আশঙ্কাঃ এক বছরে ১৬ হাজারের বেশি মানুষের ‘বিদায়’