আবাসন ভাড়া দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি অতিথিদের চেকআউটের আগে পরিচ্ছন্নতাসংক্রান্ত কাজের চাপ কমাতে নতুন নীতি ঘোষণা করেছে। আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, হোস্টরা অতিথিদের কাছে এমন কোনো কাজের অনুরোধ করতে পারবেন না, যাতে উল্লেখযোগ্য সময় বা শারীরিক পরিশ্রম প্রয়োজন হয়।
কোম্পানির কমিউনিটি পেজে প্রকাশিত নীতিমালার আপডেট অনুযায়ী, অতিথিদের কাছে কেবল যুক্তিসংগত ও সীমিত কিছু কাজের অনুরোধ জানানো যাবে। উদাহরণ হিসেবে, ব্যবহৃত বাসন সিঙ্কে রেখে যাওয়ার অনুরোধ করা যাবে। তবে অতিথিদের সেই বাসন ধুতে বলা যাবে না। একইভাবে, ব্যবহৃত তোয়ালে এক জায়গায় জড়ো করে রাখার অনুরোধ করা গেলেও বিছানার চাদর খুলে ফেলা বা কাপড়চোপড় ধোয়ার মতো কাজ করতে বলা যাবে না।
এয়ারবিএনবির বক্তব্য অনুযায়ী, অধিকাংশ অতিথিই ছুটি কাটাতে গিয়ে অপ্রত্যাশিত গৃহস্থালির কাজের মুখোমুখি হতে চান না। পরিচ্ছন্নতাকর্মীদের করার কথা এমন কাজ অতিথিদের ওপর চাপিয়ে দিলে তাদের থাকার অভিজ্ঞতা খারাপ হতে পারে এবং হোস্টদের দেওয়া পর্যালোচনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ভ্রমণ বিশেষজ্ঞ ক্লিন্ট হেন্ডারসন নতুন এই উদ্যোগকে অতিথিদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, সাম্প্রতিক সময়ে কিছু হোস্ট অতিথিদের বিছানার চাদর খুলে রাখা, বাসন ধোয়া, কাপড় পরিষ্কার করা এবং আবর্জনা ফেলার মতো কাজ করতে বলছেন বলে অভিযোগ উঠেছে।
হেন্ডারসন বলেন, হোটেলে অবস্থান করলে অতিথিদের সাধারণত এ ধরনের কাজ করতে হয় না। এয়ারবিএনবির আবাসন ভাড়ার খরচও অনেক ক্ষেত্রে হোটেলের সমপর্যায়ে পৌঁছে যাওয়ায় অতিথিদের কাছ থেকে অতিরিক্ত কাজ প্রত্যাশা করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তার মতে, এই পরিস্থিতিতে অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে কোম্পানির নীতিগত পরিবর্তন প্রয়োজন ছিল।
তবে নতুন নিয়ম নিয়ে হোস্টদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনলাইন ফোরাম রেডিটে এক হোস্ট জানিয়েছেন, নতুন নিয়মের কারণে তিনি রান্নাঘরে ব্যবহারের জন্য রাখা জিনিসপত্রের সংখ্যা কমিয়ে দেবেন এবং অতিথিদের জন্য আরও কঠোর নিয়ম চালুর কথা বিবেচনা করছেন।
অন্য এক হোস্ট কোম্পানিকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে, অতিথিদের কাছ থেকে পরিচ্ছন্নতার কাজ প্রত্যাশা করা না গেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যয় বাড়তে পারে। এতে বিশেষ করে যেসব হোস্ট নিজেরাই আবাসন পরিচালনা করেন বা সীমিত আয়ের ওপর নির্ভরশীল, তাদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে।
এয়ারবিএনবির নতুন নীতির ফলে অতিথিদের চেকআউটের আগে কাজের পরিমাণ কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে হোস্টদের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, কর্মী নিয়োগ এবং পরিচালন ব্যয়ের ওপর এর কী প্রভাব পড়ে, তা নিয়েও আলোচনা চলছে।
তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অতিথিদের অভিজ্ঞতা ও হোস্টদের ব্যয়ের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসে, তা নির্ভর করবে নীতিটি বাস্তবে কীভাবে প্রয়োগ করা হয় এবং সংশ্লিষ্ট আবাসনগুলোর পরিচালনব্যবস্থা কীভাবে সমন্বয় করা হয় তার ওপর।
সূত্রঃ স্কাই নিউজ
এমকে

