ওয়েলসে ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত নিষেধাজ্ঞার বাস্তবায়ন, বয়স যাচাই ও আইন প্রয়োগের পদ্ধতি নিয়ে ইতোমধ্যে জনমত সংগ্রহ শুরু হয়েছে।
ওয়েলস সরকারের দাবি, উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক গ্রহণের সঙ্গে শিশু-কিশোরদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সম্পর্ক রয়েছে। এসব পানীয়ের কারণে মাথাব্যথা, বিরক্তি, ক্লান্তি, পেটব্যথা, ঘুমের ব্যাঘাত এবং উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া শিশুদের মনোযোগ, আচরণ ও শিক্ষাগত কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়েলসের প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডিফের তরুণদের সঙ্গে কথা বলে প্রস্তাবিত নিষেধাজ্ঞার প্রতি সমর্থন পাওয়া গেছে। ১৭ বছর বয়সী এক তরুণের মতে, এসব পানীয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়া খুব সহজ। অন্যদিকে ১৬ বছর বয়সী সানি এনার্জি ড্রিংকের পরিবর্তে কফি পান করার পরামর্শ দিয়েছেন।
ওয়েলসের পুষ্টিবিদ ও নিবন্ধিত ডায়েটিশিয়ান আইসলিং পিগটও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অন্তত ১০ বছর দেরি হয়ে গেছে। তিনি বলেন, ক্যাফেইন সাময়িকভাবে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ালেও পরবর্তী সময়ে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। অনেক শিশু পুষ্টিকর খাবারের পরিবর্তে এসব পানীয় গ্রহণ করছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সরকারের প্রস্তাব অনুযায়ী, চা ও কফি ছাড়া যেসব পানীয়তে প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন রয়েছে, সেগুলো ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি নিষিদ্ধ করা হবে। দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন ও অনলাইন বিক্রির ক্ষেত্রেও এ বিধিনিষেধ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
এ নিষেধাজ্ঞা কার্যকর করতে বয়স যাচাই, আইন প্রয়োগ, জরিমানা ও অন্যান্য শাস্তির কাঠামো নির্ধারণ করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে আইনটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বিধিনিষেধের বাস্তবায়ন ও প্রয়োগ নিয়ে ওয়েলস সরকারের জনমত গ্রহণ চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ইংল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটিতে আগামী ২০২৭ সালের এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। রেড বুল, মনস্টার ও রিলেন্টলেসের মতো জনপ্রিয় পানীয় এ বিধিনিষেধের আওতায় পড়বে।
তবে এ উদ্যোগের বিরোধিতা করেছে ব্রিটিশ সফট ড্রিংকস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এনার্জি ড্রিংক নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাদের বক্তব্য, ২০১০ সাল থেকেই সদস্য প্রতিষ্ঠানগুলো ১৬ বছরের কম বয়সীদের লক্ষ্য করে এনার্জি ড্রিংকের প্রচার চালায় না। শিশু-কিশোরদের ক্যাফেইন গ্রহণের বড় অংশই এনার্জি ড্রিংক ছাড়া অন্যান্য উৎস থেকে আসে বলেও দাবি করেছে সংগঠনটি।
সূত্রঃ বিবিসি ওয়েলস
এমকে

