27 C
London
June 16, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে উত্তেজনাঃ গুঞ্জন উড়িয়ে দিলেন জনপ্রিয় এই অভিনেতা

বাংলাদেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে ভারতের কলকাতায় উত্তেজনাকর পরিস্থিতির অভিযোগ উঠলেও, শেষ পর্যন্ত এ ঘটনাকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই।

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, সোমবার (১৫ জুন) রাত প্রায় ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় মোশাররফ করিমের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়।

ওই পোস্টে আরও অভিযোগ করা হয়, উপস্থিত কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন এবং তার দিকে তেড়ে যান। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা তৈরি হলে ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে অভিনেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন মোশাররফ করিম। একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।

মোশাররফ করিম বলেন, “ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।”

একই সঙ্গে তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

এদিকে জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, বরং ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর, মৌলভীবাজারে প্রবাসী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশের ‘পেঁয়াজ ঘাটতি’ সমাধানে তুরস্ক!

অনলাইন ডেস্ক