TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

খরায় বিপর্যস্ত যুক্তরাজ্যঃ দেশজুড়ে মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

যুক্তরাজ্যে চলমান তীব্র খরা, পানিসংকট এবং কৃষিতে বাড়তে থাকা সংকটের প্রেক্ষাপটে আজ ১৬ আগস্ট দেশজুড়ে অসংখ্য মসজিদে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। ইসলামের সুন্নতি এই আমলকে ঘিরে এবার প্রথমবারের মতো সমন্বিতভাবে ন্যাশনাল ডে অব প্রেয়ার ফর রেইন পালন করা হচ্ছে।

আয়োজকরা জানান, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া, রেকর্ড মাত্রার কম বৃষ্টিপাত এবং খরার কারণে ফসল, গবাদিপশু, বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ চরম চাপে পড়েছে। একই সঙ্গে পানির ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে, কারণ এই পরিস্থিতি আগামী শীত মৌসুমে খাদ্যের দামও বাড়িয়ে দিতে পারে।

বার্মিংহামের গ্রিন লেন মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার, ইস্ট লন্ডন মসজিদ, রেডব্রিজ ইসলামিক সেন্টার, বার্কিং পার্ক, ম্যানচেস্টারের ব্রিটিশ মুসলিম হেরিটেজ সেন্টারসহ লন্ডন, ব্রিস্টল ও অন্যান্য শহরের বহু মসজিদ ও খোলা মাঠে নির্ধারিত সময়ে জামাতে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। কোথাও সকাল, কোথাও জোহরের পর আবার কোথাও সন্ধ্যায় মুসল্লিরা একত্রিত হয়ে আল্লাহর কাছে উপকারী বৃষ্টির জন্য দোয়া করেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সালাতুল ইস্তিসকা শুধু বৃষ্টির জন্য প্রার্থনা নয়; এটি আত্মসমালোচনা, তওবা, দান-সদকা এবং আল্লাহর প্রতি নির্ভরতার এক গুরুত্বপূর্ণ সুন্নতি ইবাদত। তারা বলেন, প্রযুক্তিতে যতই অগ্রগতি হোক, মানুষের জীবনধারণ এখনো বৃষ্টির মতো আল্লাহর মৌলিক নিয়ামতের ওপর নির্ভরশীল।

গ্রিন লেন মসজিদের ইমাম শায়খ আনাস তায়িব মুসল্লিদের উদ্দেশে বলেন, এই নামাজ মানুষকে বিনয়ী হতে শেখায় এবং কৃষক, পশুপাখি, জমি ও পুরো সমাজের কল্যাণের জন্য একসঙ্গে আল্লাহর রহমত কামনা করার সুযোগ তৈরি করে।

এই উদ্যোগে অংশ নেওয়া বিভিন্ন ইসলামিক সংগঠন শুধু নামাজেই সীমাবদ্ধ থাকেনি; বরং পানি অপচয় রোধ, লিকেজ মেরামত, কম পানি ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে। তাদের মতে, ইসলামে পানি আল্লাহর অর্পিত আমানত, তাই সংকটের সময় দোয়ার পাশাপাশি দায়িত্বশীল ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বিলাসবহুল প্রমোদতরি ডুবিঃ মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে সংকটে ব্রিটেনের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটেনকে ঘিরে বাড়ছে রুশ হুমকিঃ এমআইসিক্স