24 C
London
June 28, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

গন্ধগোকুল কোলে, শজারু পাশে—রহস্যময় কিশোরীর ভিডিওতে বিশ্বজুড়ে আলোড়ন

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘিরে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক কিশোরী একটি গন্ধগোকুল (সিভেট) কোলে নিয়ে হেঁটে যাচ্ছে, আর তার পাশে দড়ি দিয়ে বাঁধা একটি পোষা শজারু শান্তভাবে হাঁটছে। মানুষ ও বন্যপ্রাণীর এমন বিরল সম্পর্কের দৃশ্য মুহূর্তেই লাখো মানুষের নজর কাড়ে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর আগে একই সংবাদমাধ্যম বাংলাদেশে ভাইরাল হওয়া সোনালি চুলের বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছিল, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বার্তা সংস্থা এবং টেলিভিশন চ্যানেলগুলোও সেই মহিষের খবর প্রকাশ করে।

তবে নতুন ভাইরাল ভিডিওটি প্রকাশের পর থেকেই এর প্রকৃত অবস্থান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী দাবি করেছেন, ঘটনাটি বাংলাদেশের নয়; বরং শ্রীলঙ্কার কোনো গ্রামীণ এলাকার। আবার কেউ কেউ বলছেন, ভিডিওটি পুরোনো এবং বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দেশের নামে প্রচার করা হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটির সুনির্দিষ্ট স্থান সম্পর্কে নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, গন্ধগোকুল ও শজারু—উভয়ই বন্যপ্রাণী। এ ধরনের প্রাণীকে পোষ মানানো বা মানুষের সঙ্গে চলাফেরার দৃশ্য অস্বাভাবিক এবং তা প্রাণীগুলোর স্বাভাবিক আচরণের প্রতিফলন নাও হতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে অস্বাভাবিক প্রাণী, বিরল প্রজাতি কিংবা ব্যতিক্রমধর্মী মানব-প্রাণীর সম্পর্কের ভিডিও খুব দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে চলে আসছে। বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল অ্যালবিনো মহিষ যেমন বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয়েছিল, তেমনি গন্ধগোকুল ও শজারুকে নিয়ে কিশোরীর ভিডিওটিও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে ভাইরাল কোনো ভিডিওর প্রকৃত উৎস, সময় ও স্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত তা নিয়ে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছেন তথ্য যাচাইকারী সংস্থাগুলো।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

জ্বালানি উৎপাদনে বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো দেবে জার্মানি

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ৩ জন বাংলাদেশের মাদারীপুরের

মায়ের পুরোনো কর্মচারীকে প্রধানমন্ত্রী ডেকে বললেন, ‘তুই নূর না?’