TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গর্ভপাত আর অপরাধ নয়ঃ ব্রিটিশ পার্লামেন্টে নারীর অধিকার রক্ষায় ঐতিহাসিক জয়

ব্রিটিশ পার্লামেন্টে এক ঐতিহাসিক ভোটে মহিলাদের নিজেদের গর্ভপাতের সিদ্ধান্তকে অপরাধমুক্ত করার সংশোধনী পাস হয়েছে। লেবার এমপি টোনিয়া অ্যান্তোনিয়াজ্জির প্রস্তাবিত সংশোধনীটি ৩৭৯ ভোটে পাস হয়, বিপক্ষে ভোট পড়ে ১৩৭টি।
এই সংশোধনী পাসের ফলে এখন আর কোনও নারীকে নিজের গর্ভপাতের সিদ্ধান্তের কারণে তদন্ত, গ্রেফতার, বা কারাবাসের আশঙ্কায় পড়তে হবে না। এটি যুক্তরাজ্যের ক্রাইম অ্যান্ড পুলিশিং বিলের অংশ হিসেবে যুক্ত হয়েছে।

বর্তমান আইন অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত বৈধ, তবে দুইজন চিকিৎসকের অনুমোদন এখনো প্রয়োজন। যদিও ১৮৬১ সালের ‘অফেন্সেস অ্যাগেইনস্ট দ্য পার্সন অ্যাক্ট’ ও ১৯২৯ সালের আইন অনুযায়ী গর্ভপাত এখনো একটি অপরাধ হিসেবে বিবেচিত হয়।

বিলটি এখনো আইনে পরিণত হয়নি, তবে এটি পার্লামেন্টে পাশ হওয়ার পর রাজকীয় সম্মতি পেলে আইনে রূপ নেবে। সংশোধনীতে বলা হয়েছে, ২৪ সপ্তাহের সীমা এবং চিকিৎসকের অনুমতির নিয়ম আগের মতোই বহাল থাকবে।

ভোটের আগে লেবার এমপি স্টেলা ক্রিসি জানান, তিনি পার্লামেন্টের বাইরে “অমার্জনীয় হয়রানির” শিকার হন। তিনি বলেন, যারা সহিংসতা বা বিষ প্রয়োগ করে গর্ভপাত ঘটাতে চাইবে, তারা আগের মতোই অপরাধী হিসেবে বিবেচিত হবে।

ব্রিটিশ প্রেগন্যান্সি অ্যাডভাইজরি সার্ভিস (BPAS) এই ভোটকে নারীর অধিকারের এক “মাইলফলক মুহূর্ত” হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী হেইডি স্টুয়ার্ট বলেন, “এটি গর্ভপাত আইনে ১৯৬৭ সালের পর সবচেয়ে বড় পরিবর্তন।”

তিনি আরও বলেন, এই পরিবর্তনের ফলে আর কোনও নারীকে গর্ভপাত বা গর্ভপাতের সন্দেহে পুলিশ হেফাজতে যেতে হবে না, সন্তানদের থেকে বিচ্ছিন্ন হতে হবে না বা হাসপাতালে থেকে গ্রেফতার হতে হবে না।

তিনি জানান, ২০১৬ সালে যে অভিযান শুরু হয়েছিল, আজকের এই বিজয় তারই বাস্তবায়ন। গত ছয় বছরে যে অগ্রগতি হয়েছে, তা আগের ৫০ বছরে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এই ভোটে অংশগ্রহণকারী এমপিরা দলীয় হুইপ ছাড়া স্বাধীনভাবে ভোট দেন, যা এই ধরনের সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে প্রথাগত। সরকার গর্ভপাত অপরাধমুক্তকরণের বিষয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৮ জুন ২০২৫

আরো পড়ুন

নাইজেল ফারেজের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে যুক্তরাজ্যে তোলপাড়

ইরান যুদ্ধ ইস্যুতে চাপের কাছে নতি স্বীকার নয়ঃ কিয়ার স্টারমার

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধ ঘোষণায় সরকারের আপিল ব্যর্থ