TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

চাকরি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছেন ব্রিটিশ তরুণরাঃ হতাশা-উদ্বেগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যুক্তরাজ্যে চাকরির বাজারে প্রবেশ করতে গিয়ে চরম হতাশা, মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার মুখোমুখি হচ্ছেন তরুণ প্রজন্ম। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, কাজের অভিজ্ঞতা কিংবা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড থাকার পরও অনেকে দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না। বারবার আবেদন করে প্রত্যাখ্যাত হওয়া এবং নিয়োগদাতাদের কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে তাদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চাকরি খোঁজার দীর্ঘ চাপ কারও কারও শারীরিক স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলছে।

প্রকাশিত এক প্রতিবেদনে এসব চিত্র তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে চাকরি খুঁজতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া চার তরুণ-তরুণীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে ২৪ বছর বয়সী সেলেস্টের অভিজ্ঞতা বিশেষভাবে উঠে এসেছে। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর গত বছর স্কটল্যান্ডের রাজধানীতে মাত্র দুই মাসে ১০০টিরও বেশি চাকরির আবেদন করেছিলেন তিনি। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই ছিল রেস্তোরাঁ ও ক্যাফেতে ওয়েট্রেসের কাজ। কিন্তু অধিকাংশ আবেদনেই প্রত্যাখ্যাত হয়েছেন, অথবা নিয়োগদাতাদের কাছ থেকে কোনো উত্তর পাননি।

সেলেস্ট বলেন, ওই সময়টি ছিল তার জীবনের সবচেয়ে হতাশাজনক ও মানসিক চাপের সময়গুলোর একটি। চাকরির আবেদন করতে করতে এবং ভাড়া পরিশোধের চাপ সামলাতে গিয়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে বাবা-মায়ের কাছে ফিরে যেতে বাধ্য হন।

তার দাবি, দীর্ঘ সময়ের অতিরিক্ত মানসিক চাপ তার স্বাস্থ্যের অবনতিতে ভূমিকা রেখেছে। বর্তমানে তিনি মায়ালজিক এনসেফালোমায়েলাইটিস বা দীর্ঘস্থায়ী ক্লান্তি সিনড্রোমে (এমই/সিএফএস) আক্রান্ত হওয়ার আশঙ্কায় চিকিৎসা নিচ্ছেন। গত আগস্টে তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আনুষ্ঠানিক রোগ নির্ণয়ের জন্য আরও তিন থেকে ছয় মাস অপেক্ষা করতে হতে পারে।

বর্তমানে তিনি প্রায় পুরো সময় বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। সামান্য হাঁটাচলা কিংবা কোনো কাজ করলেও দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। তার ব্যক্তিগত স্বাধীনতা ভাতা বা পিআইপি আবেদনের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন সেলেস্ট। আপাতত বাবা-মায়ের আর্থিক ও শারীরিক সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে তাকে।

২৬ বছর বয়সী লেনির অভিজ্ঞতাও যুক্তরাজ্যের তরুণদের চাকরি সংকটের আরেকটি দিক তুলে ধরেছে। বার্মিংহামের বাসিন্দা লেনি গত তিন বছর ধরে বেকার। এর আগে দুই বছর একটি নির্মাণসামগ্রী ও ঘর সাজানোর পণ্যের দোকানে কাজ করেছিলেন। মানসিক স্বাস্থ্যের কারণে বিরতি নেওয়ার পর আর নিয়মিত চাকরিতে ফিরতে পারেননি।

গত তিন বছরে গুদাম, পণ্য সরবরাহ ও খুচরা বিক্রিসহ বিভিন্ন খাতে প্রায় ৩০ থেকে ৪০টি চাকরির আবেদন করেছেন তিনি। কিন্তু প্রত্যাশিত ফল পাননি। তার মতে, আগে সরাসরি দোকানে গিয়ে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ ছিল। এখন প্রায় সব নিয়োগ প্রক্রিয়া অনলাইনে হওয়ায় আবেদনকারীদের সঙ্গে নিয়োগদাতাদের ব্যক্তিগত যোগাযোগ কমে গেছে।

লেনি বলেন, চাকরির বাজার এখন অনেকটা লটারির মতো। ১০০, ২০০ কিংবা ৩০০টি আবেদন করেও চাকরি পাওয়া যাবে কি না, তার নিশ্চয়তা নেই। বারবার ব্যর্থ হওয়ার ফলে একসময় চাকরি পাওয়ার আশাও হারিয়ে যেতে থাকে।

অন্যদিকে, ২৫ বছর বয়সী ফ্রান্সেস উচ্চশিক্ষিত হয়েও চাকরি না পাওয়ার হতাশায় ভুগছেন। ইংরেজি বিষয়ে স্নাতক শেষ করার পর কোর্টল্ড ইনস্টিটিউট অব আর্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। জাদুঘর, আর্ট গ্যালারি ও দাতব্য প্রতিষ্ঠানে শিক্ষা এবং জনসম্পৃক্ততামূলক কাজে যুক্ত হওয়ার স্বপ্ন তার। তবে এসব প্রতিষ্ঠানের পাশাপাশি কফিশপ, বার ও খুচরা বিক্রির চাকরিতেও আবেদন করছেন।

গত বসন্ত থেকে চাকরি খুঁজতে গিয়ে এখন পর্যন্ত ৭৭টি আবেদন করেছেন ফ্রান্সেস। পেয়েছেন মাত্র দুটি সাক্ষাৎকারের সুযোগ। দুটিতেই ব্যর্থ হয়েছেন। এমনকি একটি প্রতিষ্ঠানে তিন ঘণ্টার সাক্ষাৎকার ও বিভিন্ন কাজ সম্পন্ন করার পরও তাকে প্রত্যাখ্যানের বিষয়টি জানানো হয়নি। নিজে যোগাযোগ করে ফলাফল জানতে হয়েছে।

সম্প্রতি বাধ্য হয়ে ইউনিভার্সাল ক্রেডিটের সহায়তা নিতে শুরু করেছেন তিনি। অথচ নিজের শিক্ষাগত যোগ্যতা ও জীবনের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সরকারি সহায়তা নিতে তার মধ্যে অপরাধবোধ কাজ করে।

ফ্রান্সেস বলেন, তিনি বেশি অর্থ উপার্জনের স্বপ্ন দেখছেন না। শুধু একটি চাকরি চান, যাতে কাজ করতে পারেন এবং সমাজে অবদান রাখতে পারেন। কিন্তু ভবিষ্যৎ নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত।

২৫ বছর বয়সী নাথানের অভিজ্ঞতাও একই সংকটের প্রতিফলন। গ্লুচেস্টারশায়ার বিশ্ববিদ্যালয় থেকে ম্যাগাজিন সাংবাদিকতায় স্নাতক শেষ করার পর গণমাধ্যমে কাজ করার স্বপ্ন ছিল তার। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও নিয়মিত বেতনের চাকরি পাননি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন পরিষ্কারের কাজে মাত্র তিন সপ্তাহ কাজ করার সুযোগ পেয়েছিলেন।

পরবর্তীতে সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু একজিমার চিকিৎসায় ত্বকে ব্যবহারের স্টেরয়েড ক্রিম ব্যবহারের কারণে তাকে চিকিৎসাগতভাবে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করা হয়। ২০২৪ সালে একজিমা থাকা ব্যক্তিদের নিয়োগে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও চিকিৎসার প্রয়োজনীয়তার ভিত্তিতে এখনো কাউকে অযোগ্য ঘোষণা করা সম্ভব।

নাথানকে জানানো হয়েছে, ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত ওই ক্রিম ব্যবহারের প্রয়োজন না হলে তিনি আবার আবেদন করার সুযোগ পেতে পারেন।

এদিকে চাকরির জন্য বারবার প্রত্যাখ্যাত হওয়া তার মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছে। তিনি অটিজমে আক্রান্ত এবং বর্তমানে উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে থেরাপিস্টের সহায়তাও নিচ্ছেন।

নাথানের মতে, যত দীর্ঘ সময় একজন মানুষ বেকার থাকেন, পুনরায় চাকরিতে ফিরে যাওয়া তত কঠিন হয়ে পড়ে। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং নিজের মানসিক অবস্থার উন্নতির চেষ্টা করছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই চার তরুণের অভিজ্ঞতা যুক্তরাজ্যের তরুণদের কর্মসংস্থান সংকটের একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। শুধু চাকরির অভাব নয়, দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া, অনলাইননির্ভর আবেদন, নিয়োগদাতাদের কাছ থেকে সাড়া না পাওয়া এবং অভিজ্ঞতার অযৌক্তিক শর্ত তরুণদের কর্মজীবনে প্রবেশের পথ আরও কঠিন করে তুলছে।

বিশেষ করে উচ্চশিক্ষা শেষ করেও চাকরি না পাওয়া তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। দীর্ঘদিন বেকার থাকার ফলে আর্থিক অনিশ্চয়তার পাশাপাশি সামাজিক বিচ্ছিন্নতা, আত্মবিশ্বাসের অভাব এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাও প্রকট হচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

পাখির ডাককে গাড়ির সাইরেন ভেবে বিভ্রান্ত হলো পুলিশ

যুক্তরাজ্যে ঝড় জোসলিনের জন্য সতর্কবার্তা জারি

যুক্তরাজ্যের বীমা বাজারে জালিয়াতি, আসছে নতুন ক্র‍্যাকডাউন