চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শুক্রবার গভীর রাতে চাংঝি শহরের কাছে অবস্থিত লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
শনিবার বিকেল পর্যন্ত কয়েকজন শ্রমিক ভূগর্ভে আটকা ছিলেন বলে জানানো হয়। উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করতে টানা অভিযান চালিয়ে যাচ্ছেন। আহতদের অনেকেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি হয়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা ও উদ্ধার অভিযানে “সর্বোচ্চ প্রচেষ্টা” চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খনিটির দায়িত্বে থাকা কোম্পানির কয়েকজন নির্বাহীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। ২০২৪ সালে চীনের জাতীয় খনি নিরাপত্তা প্রশাসন খনিটিকে “উচ্চ গ্যাস ঝুঁকিপূর্ণ” হিসেবে তালিকাভুক্ত করেছিল।
শানসি টংঝৌ কোল অ্যান্ড কোক গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লাখনির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১২ লাখ টন। শানসি প্রদেশকে চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে ধরা হয়। গত বছর এই প্রদেশ থেকেই দেশটির মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ উত্তোলন করা হয়।
দুর্ঘটনার পর দেশজুড়ে খনিশ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার সতর্কতার পরও ঝুঁকিপূর্ণ খনিগুলোতে নিরাপত্তা ঘাটতি থেকে যাওয়ায় প্রাণহানির ঘটনা থামছে না।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে

