17.9 C
London
August 22, 2026
TV3 BANGLA
ফিচারযুক্তরাজ্য (UK)

ঝকঝকে সুইমিং পুলের প্রতিশ্রুতিঃ বাস্তবে সবুজ পানি ও নোংরা ঘর—ফ্রান্সে ক্ষুব্ধ ব্রিটিশ পর্যটক

ফ্রান্সের গ্রামাঞ্চলে পরিবারের সঙ্গে স্বপ্নের ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে লন্ডনের একটি ব্রিটিশ পরিবার। ব্যক্তিগত সুইমিং পুল ও খোলা আঙিনার লোভনীয় প্রতিশ্রুতিতে বুকিং করা এয়ারবিএনবিতে পৌঁছে তারা পান মৃত ইঁদুর, নোংরা কক্ষ, পোকামাকড়ে ভরা পরিবেশ এবং মেঝেজুড়ে ছড়িয়ে থাকা বিষ। পুরো ঘটনাকে তারা ‘নরকযন্ত্রণার’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

লন্ডনের বাসিন্দা রিচার্ড গ্লেনডেনিং তার স্ত্রী, স্ত্রীর বাবা-মা এবং আট মাস বয়সী পোষা কুকুর নিয়ে ফ্রান্সের বেরজেরাকের কাছে বার্স গ্রামের একটি অষ্টাদশ শতাব্দীর পুরোনো শস্যাগারে রূপান্তরিত বাড়িতে ১০ রাত থাকার জন্য বুকিং করেছিলেন। বাড়িটির অনলাইন বিজ্ঞাপনে এটিকে ঐতিহ্যবাহী হলেও আরামদায়ক অবকাশ যাপনের আদর্শ স্থান হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

গত ২৭ জুলাই সেখানে পৌঁছানোর পরই পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। রিচার্ড জানান, বাড়িটি দেখে মনে হয়েছে অন্তত এক বছর ধরে কেউ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজই করেনি। ঘরের বিভিন্ন স্থানে মাকড়সার জাল, মাছি এবং নানা ধরনের পোকামাকড় ছড়িয়ে ছিল।

সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয় একটি শোবার ঘরে, যেখানে তারা একটি মৃত ইঁদুর দেখতে পান। অন্য কক্ষগুলোতেও ছিল চরম অগোছালো অবস্থা। কোথাও ময়লা গদি মেঝেতে পড়ে ছিল, আবার একটি ঘরে বিছানার পরিবর্তে স্তূপ করে রাখা ছিল কাঠ।

বাড়িটির সুইমিং পুলও ছিল বড় হতাশার কারণ। অনলাইনের ছবিতে ঝকঝকে নীল পানির পুল দেখানো হলেও বাস্তবে সেটির পানি ছিল উজ্জ্বল সবুজ। রিচার্ডের ভাষায়, সেটি দেখতে যেন ‘তেজস্ক্রিয়’ পানির মতো লাগছিল।

পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে তাদের পোষা কুকুরকে ঘিরে। বাড়ির মালিক আগে থেকেই জানতেন যে তারা একটি কুকুর নিয়ে আসছেন। তারপরও বাড়ির মেঝে ও ডাইনিং টেবিলে এমন কিছু দানা ছড়িয়ে রাখা ছিল, যা প্রথমে তারা লবণ বা পাথরের কুচি ভেবেছিলেন। পরে তারা বুঝতে পারেন, সেগুলো আসলে ইঁদুর মারার বিষ।

রিচার্ড বলেন, বাড়ির মালিক আগেই জানতেন তারা কুকুর নিয়ে আসছেন। এরপরও বিষ ছড়িয়ে রাখা ছিল, যা তাদের পোষা প্রাণীর জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারত।

ছুটি শেষে তিনি বলেন, “এই ছুটির পর আমাদের আরেকটি ছুটি দরকার। পরিস্থিতি যত এগিয়েছে, ততই খারাপ হয়েছে। পুরো অভিজ্ঞতাই ছিল নরকযন্ত্রণার মতো।”

ঘটনার পর এয়ারবিএনবির এক মুখপাত্র জানান, এমন অভিজ্ঞতার কথা শুনে প্রতিষ্ঠানটি হতাশ। তারা পরিবারের পুরো ভ্রমণ ব্যয় ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

নগদ লেনদেন বাধ্যতামূলক করতে হতে পারেঃ ব্রিটিশ এমপিদের সতর্কবার্তা

ইউক্রেনীয় শরণার্থীদের আরো ১৮ মাস থাকতে দেবে ব্রিটেন

ইস্ট লন্ডনে হিজাব পরিহিত মহিলাদের উপর শেতাঙ্গের হামলা