9.7 C
London
March 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ট্রাম্পের সমালোচনায় উত্তেজনা, কিং চার্লসের যুক্তরাষ্ট্র সফর বাতিলের আহ্বান এড ডেভির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাজ্যে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল লিবারেল ডেমোক্র্যাটসের নেতা এড ডেভি বলেছেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে কিং চার্লসের পরিকল্পিত সফর বাতিল করা উচিত।

এড ডেভির অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প বারবার যুক্তরাজ্যকে অপমানজনক মন্তব্য করেছেন। তার মতে, ব্রিটেনের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটি রাষ্ট্রীয় সফর ট্রাম্পের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে, যা এমন একজন নেতাকে দেওয়া উচিত নয় যিনি প্রকাশ্যে ব্রিটেনের সমালোচনা করেন।

সম্প্রতি ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেন, তিনি উইনস্টন চার্চিল নন এবং তার নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তথাকথিত স্পেশাল রিলেশনশিপকে ক্ষতিগ্রস্ত করেছে। লন্ডন শুরুতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে।

এর আগে জানুয়ারিতেও ট্রাম্প মন্তব্য করেছিলেন যে আফগানিস্তানের যুদ্ধে ইউরোপীয় সেনারা সামনের সারিতে ছিল না। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কিয়ার স্টারমার মন্তব্যটিকে “ভয়াবহ” বলে আখ্যা দেন এবং বলেন, এটি আফগানিস্তান যুদ্ধে নিহত ৪৫৭ জন ব্রিটিশ সেনাসদস্যের পরিবারের প্রতি অপমান।

এড ডেভি বলেন, এপ্রিল মাসে সম্ভাব্য সফরের মাধ্যমে কিং চার্লসকে একটি অত্যন্ত রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রে ঠেলে দেওয়া হবে। তার মতে, রাজতন্ত্রকে এমন বিতর্কিত কূটনৈতিক পরিস্থিতিতে জড়ানো উচিত নয়।

যুক্তরাজ্যে বিদেশি নেতাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাজাকে সাধারণত সরকারের পরামর্শ মেনে চলতে হয়। গত এক বছরে কিয়ার স্টারমার সরকারের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে ব্রিটিশ রাজপরিবারের সফট পাওয়ার ব্যবহার করা হয়েছে বলেও বিশ্লেষকদের ধারণা।

গত বছরের সেপ্টেম্বরে কিং চার্লস ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে আতিথ্য দেন, যা ছিল নজিরবিহীন। সেই সফরে উইন্ডসর ক্যাসেলে রাজকীয় ঘোড়ার গাড়িতে ভ্রমণ এবং রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়।

এদিকে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামও গ্রীষ্মে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। তখন সেখানে সকার ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে তার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এড ডেভির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ব্রিটিশ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী স্টিভ রিড বলেন, বিদেশে যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করতে কিং চার্লস অসাধারণ কাজ করছেন এবং সফরের ব্যবস্থা নিয়ে মন্তব্য করা তার বা অন্য রাজনৈতিক নেতাদের কাজ নয়।
অন্যদিকে বাকিংহাম প্যালেস জানিয়েছে, কোনো সরকারি সফর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার আগে তারা এ বিষয়ে সাধারণত কোনো মন্তব্য করে না।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ৬ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছে নিসান

অনলাইন ডেস্ক

আকাশ ছুঁয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় ফাস্টফুডের দাম

ইরানবিরোধী আন্দোলনের ঢেউ লন্ডনেঃ দূতাবাস থেকে নামানো হলো তেহরানের পতাকা