24.5 C
London
August 18, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

দীর্ঘদিন পর চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইটঃ প্রবাসীদের দাবির বাস্তবায়ন

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহুল প্রত্যাশিত সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০৮ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এই রুটে নিয়মিত সরাসরি ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্লাইটটির যাত্রীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জানা গেছে, যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার পর হাজারো যাত্রীকে লন্ডন হয়ে অতিরিক্ত সময় ও ব্যয় বহন করে সিলেটে যেতে হতো, যা দীর্ঘদিন ধরে প্রবাসীদের অন্যতম প্রধান ভোগান্তির কারণ ছিল।

এ রুট পুনর্বহালের দাবিতে চলতি বছরের ২৯ জানুয়ারি হুমায়ুন কবির যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং সরকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। পরে ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করলে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই হুমায়ুন কবির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিক সমন্বয় করেন। এর ফলেই বহুল প্রত্যাশিত এই রুট পুনরায় চালুর সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

হুমায়ুন কবির বলেন, উত্তর ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ছিল ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। তার ভাষায়, হঠাৎ করে এই ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় হাজারো প্রবাসী, বিশেষ করে সিলেটি কমিউনিটি ব্যাপক দুর্ভোগে পড়ে। সরাসরি সিলেটে যাওয়ার সুযোগ না থাকায় তাদের লন্ডন হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, ফলে সময়, অর্থ ও ভোগান্তি—সবই বেড়ে যায়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য ড. খলিলুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হয় এবং তখনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিএনপি সরকার দায়িত্বে এলে এই রুট পুনরায় চালু করা হবে।

হুমায়ুন কবির জানান, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন খাত-সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠকেই তিনি ম্যানচেস্টার রুট পুনর্বহালের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে যুক্তি তুলে ধরেন, এটি শুধু একটি বিমান রুট নয়; বরং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তার প্রস্তাবে বিমানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা সমর্থন জানান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।

প্রবাসীদের উদ্দেশে হুমায়ুন কবির বলেন, প্রবাস জীবনের অভিজ্ঞতা থাকায় তিনি তাদের কষ্ট, ত্যাগ ও বাস্তবতা খুব ভালোভাবেই উপলব্ধি করেন। তাই প্রবাসীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণকে দেওয়া কথা রক্ষা করা তার নৈতিক দায়িত্ব।

সংশ্লিষ্টদের মতে, সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশির যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি পারিবারিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

পাসপোর্ট করতে বেনজীরের নজিরবিহীন জালিয়াতি, মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

ঢাকায় অবতরণ করতে না পেরে দুটি ফ্লাইট সিলেট বিমানবন্দরে