12.7 C
London
October 20, 2026
TV3 BANGLA
আমেরিকা

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নাম পরিবর্তন করা হলে অঙ্গরাজ্যটির বাড়ির দাম ও মানুষের আয় বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার প্রতি বাসিন্দাদের গর্বও বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিউ মেক্সিকোর নাম অবিলম্বে পরিবর্তন করা উচিত। তার ভাষ্য, ‘আমরা মেক্সিকো নই, আমরা যুক্তরাষ্ট্রের অংশ।’ নাম পরিবর্তন করলে অঙ্গরাজ্যটির মর্যাদা ও মূল্য বাড়বে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, নাম বদলালে বাড়ির মূল্য ও মানুষের আয় বাড়বে। যুক্তরাষ্ট্রের পতাকাকে অভিবাদন জানানোর সময় বাসিন্দারা আরও গর্ব অনুভব করবেন। নিউ মেক্সিকোর নির্বাচন নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, নাম পরিবর্তন হলে অঙ্গরাজ্যটির নির্বাচনও সুষ্ঠু হতে পারে।

এর আগেও নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের কথা বলেছেন ট্রাম্প। গত সেপ্টেম্বরে তিনি অঙ্গরাজ্যটির একটি মানচিত্র প্রকাশ করে ‘মেক্সিকো’ শব্দটির ওপর লাল দাগ দিয়ে তার পরিবর্তে ‘আমেরিকা’ লিখেছিলেন।

চলতি মাসের শুরুতে কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্রেগ কানিংহামের প্রতি সমর্থন জানিয়ে দেওয়া এক ভিডিওবার্তায় ট্রাম্প নিউ মেক্সিকোবাসীকে ‘হ্যালো নিউ আমেরিকা—যা আগে নিউ মেক্সিকো নামে পরিচিত ছিল’ বলে সম্বোধন করেন।

তবে নাম পরিবর্তনের বিষয়টি নিউ মেক্সিকোর বাসিন্দাদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, এটি হবে সুন্দর একটি পরিবর্তন, তবে তিনি কাউকে জোর করবেন না।

এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে অন্টারিও হ্রদের নাম ‘আমেরিকা হ্রদ’ করার বিষয়েও কথা বলেন তিনি।

অন্টারিও হ্রদের নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প রসিকতা করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নামও পরিবর্তনের সম্ভাবনার কথা বলেছিলেন।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক সেবার সংকট: নিউইয়র্কের নার্স ছাঁটাই স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে কোথায় ঠেলে দিচ্ছে?

নিউজ ডেস্ক

ইরানকে অস্ত্র দেওয়া দেশগুলোর ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ১৮০ শতাংশ মুসলিম বিদ্বেষ বেড়েছে