12 C
London
October 26, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

নির্বাচনের দুই দিন আগে তেল আবিবে পরমাণু বিস্ফোরণের এআই ছবি প্রকাশ নেতানিয়াহুর

ইসরায়েলের নির্বাচনের মাত্র দুই দিন আগে তেল আবিবের ওপর পরমাণু বিস্ফোরণের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত ছবি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের পরমাণু হুমকির বিষয়টি সামনে এনে প্রকাশিত এই ছবি ঘিরে দেশটির বিরোধী নেতাদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচনের আগে ভোটারদের মধ্যে ভয় তৈরি করতে এমন প্রচার চালাচ্ছেন নেতানিয়াহু।

রোববার, ২৫ অক্টোবর নেতানিয়াহুর আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়। এতে ঘনবসতিপূর্ণ একটি শহরের ওপর বিশাল মাশরুম আকৃতির বিস্ফোরণের মেঘ এবং নিচের ভবনগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখানো হয়েছে। ছবিতে শহরটির নাম সরাসরি উল্লেখ করা না হলেও এটি তেল আবিবকে নির্দেশ করছে বলে মনে হয়েছে।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় নেতানিয়াহু বলেন, ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর কারণে ইসরায়েল অস্তিত্বের সংকটে রয়েছে। তার দাবি, ইরানের হুমকি আরও বিপজ্জনক হয়ে উঠেছে এবং দেশের নিরাপত্তা মঙ্গলবারের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, নতুন পরিস্থিতি ও পাওয়া তথ্যের আলোকে জনগণের উচিত নিজেদের মধ্যে বিরোধ সরিয়ে রেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—ইরানে অভিযান সম্পন্ন করার দিকে মনোযোগ দেওয়া।

নেতানিয়াহুর এই পোস্টের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তেল আবিবের ওপর পরমাণু বোমার একটি ছবি প্রকাশ করেছেন। নেতানিয়াহুকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে গোলান অভিযোগ করেন, নির্বাচনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন।

গোলান আরও বলেন, মঙ্গলবার ভোটের মাধ্যমে আতঙ্ক ছড়ানো ব্যক্তিদের পরিবর্তে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে এবং দেশে নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে।

ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটও নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে নেতানিয়াহু আবারও ভয়ভীতি প্রদর্শনের কৌশল ব্যবহার করছেন।

আইজেনকোটের ভাষ্য, প্রতিটি নির্বাচনের আগে একই ধরনের মিথ্যা ও আতঙ্ক ছড়ানোর কৌশল অবলম্বন করা হচ্ছে। ইরানকে কেন্দ্র করে পরিচালিত যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু এখন ইসরায়েলিদের ব্যাপক ধ্বংসের আশঙ্কা দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ইসরায়েলের নিরাপত্তা ও ইরানের হুমকি এবারের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। আগামী ২৭ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ জেরুজালেম পোস্ট

এমকে

আরো পড়ুন

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারত-চীন কি এক হতে যাচ্ছে!

ভারত সফর বাতিল করল মার্কিন প্রতিনিধিদল