ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটির নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়েছে। নতুন পার্লামেন্টে কোনো রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠন নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্বও নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেসেটের শপথ অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ভাষণ দেন। নতুন পার্লামেন্টে ৪৬ জন সদস্য প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগত অভিজ্ঞতা বিশেষভাবে আলোচনায় এসেছে।
নতুন পার্লামেন্টে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট কিংবা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—কোনোটিই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য উভয় পক্ষকেই অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন ও জোটের ওপর নির্ভর করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে। আইজেনকোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল ৪৬ জন আইনপ্রণেতার। সরকার গঠনের জন্য আইজেনকোটকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রেসিডেন্টের কাছ থেকে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
সরকার গঠনের পাশাপাশি নতুন পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা চলছে। আইজেনকোট জানিয়েছেন, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে পার্লামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে সমঝোতা হয়েছে। সেই সমঝোতা অনুযায়ী, তার দলের মাতান কাহানাকে নেসেটের পরবর্তী স্পিকার হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বিরোধী দলগুলো বর্তমান স্পিকার এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বিভিন্ন সংসদীয় কমিটির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন নিয়েও সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
নতুন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান এখন আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। আইজেনকোট নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন ও জোট নিশ্চিত করতে পারলে ইসরায়েলে নতুন সরকার গঠিত হতে পারে। এতে নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতাসীন রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটার সম্ভাবনাও তৈরি হয়েছে।
ইসরায়েলের নতুন পার্লামেন্টের যাত্রা শুরুর পর এখন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে সরকার গঠনের চূড়ান্ত সমঝোতার ওপর। আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট আলোচনা ও সমর্থন আদায়ের প্রচেষ্টা ইসরায়েলের ক্ষমতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
সূত্রঃ আল জাজিরা
এমকে

