20.3 C
London
September 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনের শরিয়া কাউন্সিলে জোরপূর্বক প্রবেশঃ ব্রিটেন ফার্স্ট সমর্থকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

লন্ডনের পূর্বাঞ্চলে অবস্থিত একটি শরিয়া কাউন্সিলে জোরপূর্বক প্রবেশ করে কর্মীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে কট্টর ডানপন্থী ও ইসলামবিরোধী সংগঠন Britain First-এর সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, কয়েকজন Britain First সমর্থক পূর্ব লন্ডনের ওই শরিয়া কাউন্সিলে প্রবেশের চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেয়। এরপর চার ব্যক্তি জোরপূর্বক ভবনের ভেতরে প্রবেশ করেন, যা অনধিকার প্রবেশ হিসেবে বিবেচিত।

ভবনের ভেতরে ঢুকে তারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাজ্যে একটি “শরিয়া আদালত” এবং “সমান্তরাল আইনি ব্যবস্থা” পরিচালনার অভিযোগ তোলেন। তবে সংশ্লিষ্ট শরিয়া কাউন্সিলের সাইনবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি একটি পরামর্শমূলক সংস্থা এবং এটি কোনো পৃথক আদালত বা যুক্তরাজ্যের বিচারব্যবস্থার বিকল্প নয়।

এ সময় কাউন্সিলের এক ব্যক্তি তাদের উদ্দেশে বলেন, “এখানে কোনো পৃথক আইনি ব্যবস্থা নেই। আপনারা শুধু অজ্ঞতা দেখাচ্ছেন।” এরপর কর্মীরা তাদের ভবন ত্যাগ করতে বললে অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিরা কর্মীদের ভিডিও ধারণ করেন, মৌখিকভাবে হয়রানি করেন এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, যুক্তরাজ্যে শরিয়া কাউন্সিলগুলো মূলত পারিবারিক ও ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে এবং সেগুলো দেশের আনুষ্ঠানিক আদালত বা আইনব্যবস্থার অংশ নয়। অন্যদিকে, অভিবাসন ও ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসা Britain First-এর সমর্থকদের এই কর্মকাণ্ড নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা পুলিশি পদক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ঘটনাটি পূর্ব লন্ডনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা এবং উগ্র ডানপন্থী কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্রঃ ফাইভ পিলার’স

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বিদেশি বন্দিদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা রিফর্ম ইউকের

যুক্তরাজ্যে মানবপাচার বিরোধী আইন অপরাধী বানানোর ঝুঁকি তৈরি করছেঃ দাতব্য সংস্থা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে স্মেথউইকের দম্পতি গ্রেপ্তারঃ ১৪ নারীকে শোষণ, ব্রোথেল ও মানবপাচারের দায়ে কারাদণ্ড