TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রতিবন্ধী ভাতা পেতে নতুন নিয়মের সুপারিশঃ ভাতা ব্যবস্থায় বড় সংস্কার আসছে ব্রিটেনে

ব্রিটেনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ভাতা বা পার্সোনাল ইনডিপেনডেন্স পেমেন্ট (পিআইপি) ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের সুপারিশ আসছে। গুরুতর ও দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মরণব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত ভাতা দেওয়ার পাশাপাশি মূল্যায়ন পদ্ধতি সহজ করার প্রস্তাব দিতে যাচ্ছে সরকারের পর্যালোচনা কমিটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসে পিআইপি ভাতার আবেদনকারী ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করতে বর্তমান মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের সুপারিশ করা হবে। তবে এই পর্যালোচনায় বড় ধরনের ব্যয় সংকোচনের প্রস্তাব থাকছে না বলে জানা গেছে।

বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৪০ লাখ মানুষ পিআইপি ভাতা পাচ্ছেন। চলতি অর্থবছরে এই ভাতার পেছনে সরকারের ব্যয় প্রায় ৩ হাজার ২০০ কোটি পাউন্ড। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০-৩১ অর্থবছরে এই ব্যয় বেড়ে ৪ হাজার ১৫০ কোটি পাউন্ডে পৌঁছাতে পারে।

তুলনামূলকভাবে, করোনাভাইরাস মহামারির আগের বছর মূল্যস্ফীতি সমন্বয় করে এই ভাতায় সরকারের ব্যয় ছিল ১ হাজার ৬৩০ কোটি পাউন্ড।

প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমসের নেতৃত্বে গত বছর এই পর্যালোচনা শুরু হয়। এর আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার কল্যাণ ভাতা খাতে ব্যয় কমানোর একটি পরিকল্পনা নিয়েছিল। তবে ব্যাপক বিরোধিতার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসে সরকার।

নতুন পর্যালোচনায় প্রস্তাব করা হচ্ছে, প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্তব জীবনের প্রয়োজন এবং অসুস্থতার কারণে অতিরিক্ত খরচের বিষয়টি বিবেচনা করে ভাতা নির্ধারণ করা হোক।

সবচেয়ে গুরুতর ও দীর্ঘস্থায়ী শারীরিক বা মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত ভাতার আওতায় আনার প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে পরবর্তী সময়ে তাদের আর কোনো মূল্যায়নের মুখোমুখি হতে হবে না। ধারণা করা হচ্ছে, মোট পিআইপি গ্রহীতার প্রায় ১০ শতাংশ এই সুবিধা পেতে পারেন।

স্যার স্টিফেন টিমস দ্য টাইমস পত্রিকায় লিখেছেন, এর লক্ষ্য হলো আবেদনকারীদের জন্য কম হয়রানিমূলক একটি ব্যবস্থা তৈরি করা।

এদিকে, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন নতুন সুপারিশগুলোকে মোটামুটি ইতিবাচকভাবে দেখছে। তবে আগে আশঙ্কা তৈরি হয়েছিল, পিআইপি ভাতা আয়ভিত্তিক করা হতে পারে অথবা নগদ অর্থের পরিবর্তে আংশিকভাবে ভাউচার দেওয়া হতে পারে। নতুন পর্যালোচনায় এমন পরিবর্তনের প্রস্তাব থাকছে না বলে জানা গেছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা স্কোপ ইউকের ফ্র্যাঙ্কি বাউয়ার বলেন, বর্তমান মূল্যায়ন প্রক্রিয়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অত্যন্ত চাপের এবং অনেক ক্ষেত্রে অপমানজনক।

তার ভাষ্য, অনেক আবেদনকারী মনে করেন, মূল্যায়নকারীরা তাদের প্রকৃত প্রয়োজন বোঝার পরিবর্তে ভুল ধরার চেষ্টা করেন এবং তাদের সমস্যার গুরুত্ব কমিয়ে দেখান। এমন পরিস্থিতি পরিবর্তন করা জরুরি।

প্রতিবেদনে প্রেস্টনের দুই সন্তানের মা অ্যালিসিয়া কার্টরাইটের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। তিনি পিআইপির দৈনন্দিন জীবনযাপন এবং চলাচল—উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ হারে ভাতা পান। প্রতি চার সপ্তাহে তার ভাতার পরিমাণ প্রায় ৫০০ পাউন্ড।

নিজেও ভাতা-সংক্রান্ত পরামর্শক হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হলেও বর্তমান মূল্যায়ন প্রক্রিয়াকে তিনি ভীতিকর ও বিভ্রান্তিকর বলে বর্ণনা করেছেন।

কার্টরাইট বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের প্রয়োজন সবচেয়ে ভালো বোঝেন। তাই তাদের বক্তব্যের ওপর আস্থা রাখতে হবে। প্রয়োজনীয় যাচাই অবশ্যই থাকতে পারে, কিন্তু শুরুটা হওয়া উচিত বিশ্বাসের ভিত্তিতে।

তিনি হুইলচেয়ার ব্যবহার করেন এবং বিশ্ববিদ্যালয়ে কয়েকটি খণ্ডকালীন চাকরি করেন। তার হিসাবে, প্রতিবন্ধিতার কারণে প্রতি মাসে অতিরিক্ত প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড খরচ হয়, যা তাকে নিজের উপার্জন থেকে বহন করতে হয়।

তিনি জানান, পিআইপির চলাচল-সংক্রান্ত ভাতার অর্থ হুইলচেয়ারের খরচ মেটাতে ব্যয় হয়। বাকি অর্থের পুরোটাই বাড়িতে সহায়তার জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দিতে চলে যায়।

তবে ভাতা খাতে ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাডাম স্মিথ ইনস্টিটিউটের ম্যাট রাইডার। তার মতে, তরুণদের মধ্যে প্রতিবন্ধী ভাতার আবেদন সবচেয়ে দ্রুত বেড়েছে। বিশেষ করে অপেক্ষাকৃত কম মাত্রার মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে ভাতা পাওয়ার যোগ্যতা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, ভাতা ব্যয়ের ক্রমবর্ধমান চাপের অন্যতম কারণ হলো এসব আবেদন। তাই যোগ্যতার শর্ত আরও লক্ষ্যভিত্তিক করা দরকার।

অন্যদিকে, রেজল্যুশন ফাউন্ডেশনের গত মাসের এক গবেষণায় দেখা গেছে, পিআইপি গ্রহীতাদের প্রায় প্রতি ছয়জনের একজন জানিয়েছেন, প্রতিবন্ধিতার কারণে তাদের কোনো অতিরিক্ত খরচ হয় না। গবেষণা সংস্থাটির মতে, এই গোষ্ঠীকে ভাতার বাইরে রাখলে বছরে সর্বোচ্চ ৪৪ লাখ পাউন্ড সাশ্রয় হতে পারে।

সংস্থাটির লিন্ডসে জাজ বলেন, টিমস পর্যালোচনার মূল উদ্দেশ্য ব্যয় কমানো না হলেও সংস্কারের মাধ্যমে কিছু সাশ্রয় সম্ভব। তার মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত প্রয়োজন আরও ভালোভাবে বুঝতে পারে—এমন মূল্যায়ন ব্যবস্থা চালু করা প্রয়োজন।

তিনি নগদ অর্থ কিংবা সেবার মাধ্যমে সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত অতিরিক্ত ব্যয় বিবেচনা এবং পরিস্থিতির পরিবর্তন বুঝতে নিয়মিত সহজ যাচাইয়েরও পরামর্শ দিয়েছেন।

স্যার স্টিফেন টিমসের নেতৃত্বাধীন পরিচালনা কমিটি পর্যালোচনার সুপারিশ সরকারের কাছে জমা দেবে। এরপর সরকার এসব প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানাবে।

উল্লেখ্য, স্কটল্যান্ডে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা আলাদা এবং ইংল্যান্ড ও ওয়েলসের পরিবর্তন সেখানে সরাসরি কার্যকর হবে না। তবে নতুন সুপারিশের কারণে স্কটিশ সরকারের পাওয়া অর্থায়নে প্রভাব পড়তে পারে। উত্তর আয়ারল্যান্ডেও এ ধরনের ভাতা স্থানীয়ভাবে পরিচালিত হলেও বাস্তবে ইংল্যান্ড ও ওয়েলসের পরিবর্তনগুলো অনুসরণ করা হয়।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের অনেক দরিদ্র পরিবারে ঘুমানোর বিছানাও নেই

ফেব্রুয়ারিতে ব্রিটেনের ১০.৪% মূল্যস্ফীতি

‘অবৈধ কর্মী’ কা‌জে রে‌খে ব্রিটেনে আরেক বাংলা‌দেশির রে‌স্টু‌রেন্ট বন্ধ