TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ২২ দেশের বন্দরশ্রমিকদের কর্মসূচিঃ আটকে যাচ্ছে ইসরায়েলগামী অস্ত্রের চালান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে দেশটিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিরুদ্ধে নজিরবিহীন আন্তর্জাতিক কর্মসূচি পালন করেছেন ২২টি দেশের বন্দরশ্রমিকেরা। গত ৩০ অক্টোবর বিশ্বের ১১৩টি বন্দরে একযোগে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের মূল দাবি ছিল, যুদ্ধাঞ্চলগামী অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম কোনো বাণিজ্যিক বন্দরের মাধ্যমে পরিবহন করতে দেওয়া হবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, ইতালি, ফ্রান্স, গ্রিস ও মরক্কোর বন্দরশ্রমিক ইউনিয়নগুলোর উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলনে পরে ২৫টির বেশি ট্রেড ইউনিয়ন যুক্ত হয়। পাশাপাশি ফিলিস্তিনের ১৭টি ট্রেড ইউনিয়ন ও কনফেডারেশন এবং বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস (বিডিএস) আন্দোলনও এতে সমর্থন জানায়।

বিডিএস আন্দোলনের সামুদ্রিক ও জ্বালানি নিষেধাজ্ঞা কর্মসূচির সমন্বয়ক সারা এলেত্রা টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, এই আন্তর্জাতিক সমন্বয় দীর্ঘদিন ধরে শ্রমিকদের মধ্যে গড়ে ওঠা সংগঠিত প্রচেষ্টার ফল। ২০২৪ সালে ফিলিস্তিনি ট্রেড ইউনিয়নগুলো বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকদের প্রতি আহ্বান জানায়, যাতে তারা ইসরায়েলের অস্ত্র সরবরাহ ব্যবস্থায় কোনো ভূমিকা না রাখেন।

ওই আহ্বানে সাড়া দিয়ে ২০২৪ সালের অক্টোবরে গ্রিসের পিরেউস বন্দরের শ্রমিকেরা ইসরায়েলগামী ২১ টন গোলাবারুদ জাহাজে তুলতে বাধা দেন। এরপর ইতালির ইউএসবি এবং ফ্রান্সের সিজিটি-সহ বিভিন্ন দেশের শ্রমিক সংগঠন সামরিক কার্গো পরিবহনে অংশ না নেওয়ার উদ্যোগ নেয়। এলেত্রার দাবি, এবারই প্রথম ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও আমেরিকার বিভিন্ন অঞ্চলের শ্রমিক ইউনিয়ন একই দিনে সমন্বিতভাবে কর্মসূচি পালন করেছে।

ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছানোর ক্ষেত্রে সমুদ্রপথের বাণিজ্যিক অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিপিং রুট, কনটেইনার টার্মিনাল এবং ট্রান্সশিপমেন্ট হাব ব্যবহার করেই এসব পণ্য পরিবহন করা হয়। ফলে জাহাজে পণ্য ওঠানো-নামানোর দায়িত্বে থাকা শ্রমিকেরা কোনো সামরিক চালান পরিচালনা করতে অস্বীকৃতি জানালে পুরো সরবরাহ ব্যবস্থায় বিলম্ব ও বিঘ্ন ঘটতে পারে।

আন্দোলনকারীরা বন্দর নির্বাচনের ক্ষেত্রে ইসরায়েলের অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যকে গুরুত্ব দিয়েছেন। সামরিক সরবরাহ ব্যবস্থার ওপর নজর রাখা প্রচারগোষ্ঠী ‘নো হারবার ফর জেনোসাইড’-এর তথ্য অনুযায়ী, ইতালির জেনোয়া, লিভোর্নো ও জোইয়া তাউরো, ফ্রান্সের মার্সেই, গ্রিসের পিরেউস এবং মরক্কোর তাঞ্জিয়ার—এসব বন্দরের সঙ্গে ইসরায়েলে অস্ত্র সরবরাহের নথিভুক্ত সংযোগ রয়েছে।

সংগঠনটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলের বৃহত্তম অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যন্ত্রাংশের ৩১৫টি চালান ২৯ দেশের ৫৬টি বাণিজ্যিক বন্দর ব্যবহার করে পরিবহন করা হয়েছে। তাদের ধারণা, এবারের কর্মসূচিতে ২০০ কোটি ডলারের বেশি মূল্যের কার্গো পরিবহনে বিলম্ব ঘটতে পারে।

বন্দরশ্রমিকদের এই আন্দোলনের পেছনে নির্দিষ্ট সামরিক চালান আটকে দেওয়ার একাধিক নজির রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে মরক্কোর তাঞ্জিয়ার মেড বন্দরে মারস্কের একটি ফিডার জাহাজে ইসরায়েলগামী সামরিক সরঞ্জাম ওঠাতে অস্বীকৃতি জানান শ্রমিকেরা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম শিফটের ২০ জন রিমোট ক্রেন অপারেটরের মধ্যে ১৮ জন এবং দ্বিতীয় শিফটের ৩০ জনের মধ্যে ২৭ জন কাজে অংশ নেননি।

একই বছরের জুনে ফ্রান্সের ফস-মার্সেই বন্দরে সিজিটি ইউনিয়নের শ্রমিকেরা অস্ত্রের যন্ত্রাংশ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান। ফলে জাহাজটি ওই কার্গো ছাড়াই বন্দর ত্যাগ করে। সেপ্টেম্বরে ইতালির জেনোয়া বন্দরে ‘জিম ভার্জিনিয়া’ নামের একটি জাহাজে অস্ত্র ওঠানোও আটকে দেন বন্দরশ্রমিকেরা।

৩০ অক্টোবরের কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশগুলোতে আন্দোলনের ধরন এক ছিল না। গ্রিসের পিরেউস বন্দরে প্রায় তিন হাজার বন্দরশ্রমিক ও নাবিক কর্মবিরতি পালন করেন। এতে পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হয় এবং দ্বীপগামী ফেরি চলাচলও স্থগিত হয়ে পড়ে।

ফ্রান্সে বন্দরশ্রমিকেরা ধর্মঘট পালন করেন। ইতালিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন বন্দরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অন্য দেশগুলোর বন্দরে স্বল্প সময়ের কর্মবিরতি ও পিকেটিংয়ের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

সারা এলেত্রার ভাষ্য অনুযায়ী, শ্রমিক, অধিকারকর্মী, রাজনীতিক, গবেষক ও আইনজীবীদের সমন্বিত প্রচেষ্টায় শুধু পণ্য পরিবহনে বিলম্বই ঘটেনি, কিছু ক্ষেত্রে সামরিক এবং সামরিক-বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য ওঠানো ও ট্রান্সশিপমেন্টও বন্ধ হয়েছে। ইতালি ও মালয়েশিয়ার মতো কয়েকটি ক্ষেত্রে এসব সামগ্রী জব্দ করার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

এই উদ্যোগের সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠে ২০২৫ সালের শুরুর দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বন্দরশ্রমিক ইউনিয়নগুলোর আলোচনার মধ্য দিয়ে। প্রথম পর্যায়ে পাঁচটি দেশের পাঁচটি ইউনিয়ন ২০টি বন্দরের শ্রমিকদের সংগঠিত করে। পরে এথেন্স ও জেনোয়ায় অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে সমন্বয় আরও বিস্তৃত হয়।

বিশ্লেষকদের দৃষ্টিতে, নির্দিষ্ট কোনো সামরিক চালান আটকে দেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের সরাসরি অস্বীকৃতি কার্যকর হতে পারে। তবে এক দিনের আন্তর্জাতিক কর্মসূচি দিয়ে পুরো অস্ত্র সরবরাহ ব্যবস্থা বন্ধ করা কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে নীতি পরিবর্তনে বাধ্য করা কঠিন। ১১৩টি বন্দরে কর্মসূচির প্রভাবও সমান ছিল না। কোথাও পণ্য পরিবহন বন্ধ হয়েছে, আবার কোথাও বিক্ষোভ ও সীমিত সময়ের কর্মবিরতির মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ ছিল।

সারা এলেত্রা দাবি করেন, ইসরায়েলের আমদানির ৯০ শতাংশের বেশি সমুদ্রপথে আসে। তাই বন্দরশ্রমিকদের সম্মিলিত অস্বীকৃতি সামরিক সরঞ্জাম সরবরাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তার মতে, ৩০ অক্টোবরের কর্মসূচি বিচ্ছিন্নভাবে বিভিন্ন বন্দরে চালানো প্রতিবাদকে একটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনে রূপ দিয়েছে।

সূত্রঃ টিআরটি ওয়ার্ল্ড

এমকে

আরো পড়ুন

‘এবারের মার্কিন নির্বাচন হয় শান্তি নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বয়ে আনবে’

যুক্তরাষ্ট্রকে নিজের হয়ে যুদ্ধে টানতে চায় ইসরায়েল—ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

ভারতীয় গোয়েন্দা সংস্থা আর,এ,ডাব্লিউ(RAW) এর উপর নিষেধাজ্ঞা চায় আমেরিকান সংস্থা