বাংলাদেশের নগর গণপরিবহন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর কমিউটার রেল করিডোর বিদ্যুতায়ন প্রকল্প নিয়ে অংশীজন পরামর্শ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত এই উদ্যোগ বাংলাদেশের প্রথম রেলপথ বিদ্যুতায়ন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পে দেশের সবচেয়ে ব্যস্ত ৫০ কিলোমিটার কমিউটার রেল করিডোর আধুনিকায়ন করা হবে। এর মাধ্যমে প্রতিদিনের যাত্রী পরিবহন সক্ষমতা বর্তমানের ২ লাখ ৩২ হাজার থেকে বেড়ে ৮ লাখ ৪৫ হাজারেরও বেশি হবে বলে জানানো হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ট্রেন চলাচলেও আসবে বড় পরিবর্তন। বর্তমানে প্রতিদিন ৬৫টি ট্রেন চলাচল করলেও ভবিষ্যতে তা বেড়ে ২৩৫টিতে পৌঁছাবে। এছাড়া ব্যস্ত সময়ে প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন চলাচলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা যাত্রীদের অপেক্ষার সময় কমিয়ে নগর যাতায়াতকে আরও সহজ করবে।
পরিবেশগত দিক থেকেও প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। ডিজেলচালিত ট্রেনের পরিবর্তে বিদ্যুৎচালিত ট্রেন চালু হলে গ্রেটার ঢাকা মহানগর এলাকায় কার্বন নিঃসরণ, শব্দদূষণ এবং বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে, যা টেকসই নগর পরিবহন গড়ে তুলতে সহায়ক হবে।
প্রকল্পের অংশীজন পরামর্শ সভায় রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, পরামর্শক প্রতিষ্ঠান এনটিটি ডাটা ও আইবিএফের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং শিক্ষাবিদরা অংশ নেন। সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের রেল যোগাযোগ আরও দ্রুত, আধুনিক ও পরিবেশবান্ধব পর্যায়ে উন্নীত হবে।
সূত্রঃ ইইএএস
এম.কে

