ব্রিটেনে বাবা-মায়ের পদবি (Surname) আলাদা হলে সন্তানকে নিয়ে বিদেশ ভ্রমণের সময় বিমানবন্দর ও সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অতিরিক্ত প্রশ্নের মুখে পড়তে পারেন অভিভাবকরা। বিশেষ করে বিচ্ছিন্ন বা বিবাহবিচ্ছেদ হওয়া দম্পতির ক্ষেত্রে সন্তানকে বিদেশে নেওয়ার সময় অন্য অভিভাবকের অনুমতি এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা গুরুত্বপূর্ণ। শিশু অপহরণ ও পাচার প্রতিরোধের উদ্দেশ্যে এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম সারেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদ হওয়া বাবা-মা কিংবা ভিন্ন পদবির সন্তানকে নিয়ে ভ্রমণকারী ব্যক্তিদের সীমান্তে পরিচয় ও অভিভাবকত্বের বিষয়ে প্রশ্ন করা হতে পারে। প্রয়োজনীয় প্রমাণপত্র না থাকলে ভ্রমণে বিলম্বও হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছিন্ন বা বিবাহবিচ্ছেদ হওয়া বাবা-মায়ের মধ্যে একজন নির্দিষ্ট পরিস্থিতিতে অন্য অভিভাবকের অনুমতি ছাড়াই সন্তানকে সর্বোচ্চ ২৮ দিনের জন্য বিদেশে নিতে পারেন। তবে এর জন্য আদালতের দেওয়া চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার থাকতে হবে, যেখানে সন্তানের বসবাস সংশ্লিষ্ট অভিভাবকের সঙ্গে নির্ধারণ করা হয়েছে।
এ ধরনের আদালতের আদেশ না থাকলে অন্য অভিভাবকের সম্মতি ছাড়া সন্তানকে বিদেশে নিয়ে যাওয়া শিশু অপহরণ হিসেবে বিবেচিত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী দেশে ফেরার পর ফৌজদারি অভিযোগের মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট অভিভাবক।
স্টো ফ্যামিলি ল-এর শিশু আইন বিশেষজ্ঞ আইনজীবী র্যাচেল ফিশার বলেন, সন্তানের সঙ্গে বসবাসের বিষয়ে আদালতের আদেশ না থাকলে অথবা বাবা-মায়ের মধ্যে কেবল অনানুষ্ঠানিক সমঝোতা থাকলে বিদেশে নেওয়ার আগে অন্য অভিভাবকের অনুমতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে দেশে ফেরার পর ফৌজদারি অভিযোগের ঝুঁকি তৈরি হতে পারে।
সন্তানকে নিয়ে বিদেশ যাওয়ার আগে যার অভিভাবকত্বের আইনি দায়িত্ব রয়েছে, তার কাছ থেকে লিখিত অনুমতিপত্র সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনুমতিপত্রে অন্য অভিভাবকের যোগাযোগের তথ্য, ভ্রমণের বিস্তারিত বিবরণ এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের তথ্য উল্লেখ থাকা উচিত।
এ ছাড়া সন্তানের সঙ্গে নিজের সম্পর্ক প্রমাণের জন্য জন্মসনদ বা দত্তক গ্রহণের সনদ সঙ্গে রাখা যেতে পারে। বাবা-মায়ের পদবি আলাদা হলে বিবাহসনদ কিংবা বিবাহবিচ্ছেদের সনদও সহায়ক হতে পারে।
র্যাচেল ফিশার বলেন, আইনগতভাবে অনুমতি নেওয়া বাধ্যতামূলক না হলেও অন্য অভিভাবকের সম্মতি নেওয়া সব সময় ভালো। এতে বাবা-মায়ের মধ্যে ভুল বোঝাবুঝি কমে এবং পারস্পরিক আস্থা বজায় থাকে।
সন্তানকে বিদেশে নেওয়ার বিষয়ে অন্য অভিভাবক সম্মতি না দিলে আদালতের আদেশ নিতে হবে। এ ক্ষেত্রে ভ্রমণের তারিখ, কখন ও কীভাবে দেশে ফিরবেন এবং যুক্তরাজ্যে অবস্থানরত অভিভাবকত্বের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যোগাযোগের তথ্য আদালতকে জানাতে হবে।
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটেও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এসব তথ্য দেওয়ার নির্দেশনার কথা উল্লেখ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাবা-মায়ের বিচ্ছেদের পরও সন্তানের কল্যাণই আদালতের প্রধান বিবেচ্য বিষয়। সন্তান যেন উভয় অভিভাবকের সঙ্গে সময় কাটাতে পারে এবং তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে, সেটিও আদালত গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তবে শিশুর নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ থাকলে আদালত হস্তক্ষেপ করতে পারে।
সূত্রঃ সারে লাইভ
এমকে

