14.8 C
London
April 27, 2026
TV3 BANGLA
ফিচার

বিতর্ক পেরিয়ে বক্স অফিসে ঝড়ঃ মাইকেল জ্যাকসন বায়োপিক ‘মাইকেল’

বিতর্ক, সমালোচনা এবং জটিল প্রযোজনা প্রক্রিয়ার বাধা পেরিয়ে মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে রেকর্ড গড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। উদ্বোধনী সপ্তাহান্তেই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে সর্বকালের সবচেয়ে বড় বায়োপিক উদ্বোধনের রেকর্ড দখল করেছে।

উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহান্তে চলচ্চিত্রটির আয় দাঁড়িয়েছে ৯ কোটি ৭০ লাখ ডলার, যা জীবনীভিত্তিক চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১২ কোটি ৪০ লাখ ডলার। সব মিলিয়ে মোট আয় ২১ কোটি ৭০ লাখ ডলার।

এর মাধ্যমে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অপেনহাইমার’-এর ১৮ কোটি ৪০ লাখ ডলারের উদ্বোধনী আয় এবং ২০১৮ সালের ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-র ১২ কোটি ৪০ লাখ ডলারের রেকর্ড ভেঙে দিয়েছে ‘মাইকেল’।

চলচ্চিত্রটি মাইকেল জ্যাকসনের এস্টেটের সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। “পপ সম্রাট” নামে পরিচিত মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীত ক্যারিয়ারকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই বড় বাজেটের ছবি।

চলচ্চিত্রটি ইতোমধ্যে বিশ্বের বেশিরভাগ দেশে মুক্তি পেলেও জাপানে এখনো মুক্তি পায়নি। জাপান, যেখানে মাইকেল জ্যাকসনের বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে, সেখানে এটি জুন মাসে মুক্তি পাবে।

উত্তর আমেরিকায় ‘মাইকেল’-এর উদ্বোধনী আয় আগের বহু জনপ্রিয় বায়োপিককে ছাড়িয়ে গেছে। এর মধ্যে রয়েছে ‘অপেনহাইমার’ (৮ কোটি ২০ লাখ ডলার), ‘স্ট্রেইট আউটা কম্পটন’ (৬ কোটি ২ লাখ ডলার) এবং ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ (৫ কোটি ১০ লাখ ডলার)।

যদিও সমালোচকেরা ছবিটিকে মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়গুলো আড়াল করার অভিযোগে সমালোচনা করেছেন, দর্শকদের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। রটেন টমেটোসে সমালোচকদের স্কোর যেখানে মাত্র ৩৮ শতাংশ, সেখানে দর্শক স্কোর পৌঁছেছে ৯৭ শতাংশে।

কয়েক সপ্তাহ আগেও ছবিটির উদ্বোধনী আয় ৫ কোটি ডলারের আশপাশে হবে বলে ধারণা করা হচ্ছিল। পরে তা ৭ কোটিতে উন্নীত হলেও বাস্তবে সেই পূর্বাভাসও অনেক দূরে ছাড়িয়ে যায়।

লায়ন্সগেটের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেন, শুরু থেকেই সব ধরনের দর্শকের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছিল। তার মতে, এই সাফল্যের সম্ভাবনা শুরু থেকেই স্পষ্ট ছিল।
তবে ‘মাইকেল’ নির্মাণ ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।

মাইকেল জ্যাকসনের নাম বহু বছর ধরে শিশু যৌন নির্যাতনের অভিযোগের সঙ্গে জড়িত। ২০০৯ সালে ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করা এই শিল্পী সবসময় নিজেকে নির্দোষ দাবি করেছেন। ২০০৫ সালের একমাত্র ফৌজদারি মামলায় তিনি খালাস পান।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কারণে ছবিটি ঘিরে শুরু থেকেই বিতর্ক ছিল। এমনকি তার পরিবারের কিছু সদস্যও এতে আপত্তি জানান। বোন জ্যানেট জ্যাকসন এই প্রযোজনায় অংশ নেননি, আর মেয়ে প্যারিস জ্যাকসন ছবিটিকে “কল্পনার জগৎ” বলে মন্তব্য করেন।

প্রযোজনার সময়ও বড় জটিলতা তৈরি হয়। শুটিং শেষ হওয়ার পর দেখা যায়, চলচ্চিত্রের তৃতীয় অংশে জর্ডান চ্যান্ডলারের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার সাথে ১৯৯৪ সালে ২ কোটি ৩০ লাখ ডলারে সমঝোতা করা হয়েছিল।

কিন্তু সেই সমঝোতার শর্ত অনুযায়ী, ভবিষ্যতের কোনো চলচ্চিত্রে তার নাম ব্যবহার করা যাবে না। ফলে ছবির বড় একটি অংশ বাদ দিতে হয় এবং প্রায় ৫ কোটি ডলার ব্যয়ে পুনরায় শুটিং করা হয়।
পরিচালক অঁতোয়ান ফুকুয়া এবং চিত্রনাট্যকার জন লোগান গল্পটি পুনর্লিখন করে ১৯৮৮ সাল পর্যন্ত সীমাবদ্ধ করেন—অর্থাৎ অভিযোগ ওঠার আগের সময় পর্যন্ত।

সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ছবিটি বিশাল বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়েছে। মোট প্রযোজনা ব্যয় ছিল প্রায় ২০ কোটি ডলার। খরচ কমাতে আন্তর্জাতিক পরিবেশনার অধিকার ইউনিভার্সালকে বিক্রি করে লায়ন্সগেট।

ইতোমধ্যে ছবিটির সিক্যুয়েল নির্মাণাধীন রয়েছে। এমনকি তৃতীয় চলচ্চিত্র তৈরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

পরিচালক অঁতোয়ান ফুকুয়া বলেছেন, তিনি নিজেই পরবর্তী পর্ব পরিচালনা করতে চান। তার ভাষায়, “অন্য কেউ এটি করলে আমার খুব কষ্ট হবে।”
বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী সংগীতভিত্তিক বায়োপিক হিসেবে এখনো ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ ৯১ কোটি ডলার আয় নিয়ে শীর্ষে রয়েছে।

আর সামগ্রিকভাবে জীবনীভিত্তিক চলচ্চিত্রের মধ্যে ‘অপেনহাইমার’ ৯৭ কোটি ৫০ লাখ ডলার আয় করে প্রথম স্থানে আছে। তবে উদ্বোধনী সপ্তাহান্তের হিসেবে ‘মাইকেল’ এখন নতুন ইতিহাস লিখেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

The Rise, Rule, and Ruin of Power: Two Generals, One Historical Pattern

নিউজ ডেস্ক

ইউরোপের চার দেশে যাবে রাজশাহীর আম

দ্বীপ কিনে স্বাধীন রাষ্ট্র গঠনের এক স্বপ্ন ‘কফি কায়ে’