TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বেডফোর্ড ট্রেন দুর্ঘটনার আগে লাল সিগন্যাল অতিক্রম করেছিলেন চালকঃ তদন্তে নতুন তথ্য

বেডফোর্ডের কাছে গত শুক্রবার ঘটে যাওয়া প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় নিহত ট্রেনচালক সংঘর্ষের ঠিক আগে একটি লাল সিগন্যাল অতিক্রম করেছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের রেল দুর্ঘটনা তদন্ত শাখা (RAIB)।

বুধবার প্রকাশিত একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজে দেখা যায় যে সিগন্যালটি ট্রেনের কাছে আসার সময় এবং তা অতিক্রম করার সময়ও লাল ছিল।

তদন্তকারীরা জানান, সামনে একটি ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে ট্রেন দাঁড়িয়ে ছিল। ট্রেনটির নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় সেটি থেমে ছিল।

ব্ল্যাক বক্স রেকর্ডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষের আগে ট্রেনটির গতি ঘণ্টায় ৭৬ মাইল পর্যন্ত পৌঁছায়। দুর্ঘটনার ৯ সেকেন্ড আগে চালক ব্রেক প্রয়োগ করেন। তবে সংঘর্ষের সময়ও ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ৪৯ মাইল।

এই দুর্ঘটনায় নিহত হন ৬০ বছর বয়সী ট্রেনচালক শন বার্টন। তার চালিত ট্রেনটি সামনে দাঁড়িয়ে থাকা ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে ট্রেনের পেছনে সজোরে আঘাত করে।

RAIB জানিয়েছে, এখন তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উভয় ট্রেনের সিগন্যালিং সরঞ্জাম এবং নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিতভাবে পরীক্ষা করবে।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেন, “শুক্রবারের মর্মান্তিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা রইল। বিশেষ করে নিহত ট্রেনচালকের পরিবার এবং যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি রয়েছে।”

তিনি আরও বলেন, “অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা জরুরি সেবাকর্মীদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।”

পরিবহনমন্ত্রী জানান, প্রাথমিক প্রতিবেদন স্পষ্ট করেছে যে এখনও অনেক বিষয় নিশ্চিত হওয়া বাকি রয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, “যুক্তরাজ্যের রেলব্যবস্থা বিশ্বের অন্যতম নিরাপদ। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল হলেও যখন ঘটে, তখন কী ঘটেছিল তা জানার জন্য কোনো কিছুই উপেক্ষা করা হবে না।”

একই সঙ্গে তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অযথা জল্পনা-কল্পনা এড়ানোর আহ্বান জানান, যাতে তদন্তকারীরা সম্পূর্ণ ও নির্ভুল চিত্র তুলে ধরতে পারেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

ক্রিসমাসের সময় ব্রিটেনের ‘টিয়ার-৪’ এলাকায় যা যা মানতে হবে

যুক্তরাজ্যের সবুজ তালিকায় নতুন সাত দেশ

ভাড়া সংকটে ইংল্যান্ডঃ ভাড়াটিয়াদের আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে

নিউজ ডেস্ক