16.2 C
London
September 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অবৈধ অভিবাসনে সহায়তার দায়ে বেঞ্জামিন হোয়াইটের কারাদণ্ড

বাণিজ্যিক উড়োজাহাজের টিকিট বুকিংয়ের সময় ভুয়া নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখসহ বিভিন্ন জাল তথ্য ব্যবহার করে আশ্রয়প্রার্থীদের অবৈধভাবে ব্রিটেনে প্রবেশে সহায়তার দায়ে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে তিন বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বেঞ্জামিন হোয়াইট, যিনি পারহাম সারাবি নামেও পরিচিত। তিনি ইরানি নাগরিক এবং দক্ষিণ ওয়েলসের ব্যারিতে বসবাস করছিলেন। মার্থার টিডফিল ক্রাউন কোর্টে শুনানিতে তার বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তিনি অভিযোগ স্বীকার করেন এবং দোষী সাব্যস্ত হন।

আদালতে বলা হয়, হোয়াইট ইরানি নাগরিকদের ফ্রান্স ও স্পেনের বিভিন্ন বিমানবন্দর থেকে লন্ডনগামী বাণিজ্যিক ফ্লাইটে নিয়ে আসার ব্যবস্থা করতেন। বুকিংয়ের সময় তিনি যাত্রীদের প্রকৃত পরিচয়ের পরিবর্তে বিভিন্ন ভুয়া নাম, জন্মতারিখ, জাতীয়তা, পাসপোর্টের তথ্য, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করতেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে তিনি মোট ১২টি ফ্লাইট বুকিংয়ের ব্যবস্থা করেন। এসব যাত্রীর সঙ্গে যোগাযোগের জন্য তিনি টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করতেন এবং পারিশ্রমিক হিসেবে বিটকয়েনসহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সিতে অর্থ গ্রহণ করতেন বলে আদালতে জানানো হয়।

তার এই কর্মকাণ্ডের ফলে পাঁচজন ব্যক্তি সফলভাবে বাণিজ্যিক ফ্লাইটে ব্রিটেনে পৌঁছান এবং পরে আশ্রয়ের আবেদন করেন। অন্যদের ক্ষেত্রে যাত্রা সম্পন্ন হয়নি। তাদের মধ্যে দুজন নির্ধারিত বিমানবন্দরে গ্রেপ্তার হন, দুজন ফ্লাইটে চেক-ইন করেও উড়োজাহাজে ওঠেননি এবং আরও একজন বিমানবন্দরে উপস্থিতই হননি।

তদন্তে হোয়াইটের সঙ্গে এসব বুকিংয়ের যোগসূত্র খুঁজে পায় কর্তৃপক্ষ। পেমেন্টের তথ্য, ই-মেইল ঠিকানা ও অন্যান্য রেকর্ড বিশ্লেষণ করে তদন্তকারীরা তার সংশ্লিষ্টতা শনাক্ত করেন। ২০২৫ সালের ৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে ভুয়া নাম ব্যবহার করা দুটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার করা হয়।

আদালতে আরও জানানো হয়, গ্রেপ্তারের মাত্র তিন দিন আগে হোয়াইট ‘স্কাই পারমিট’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। কোম্পানিটি তখনও এসব অপরাধে ব্যবহৃত হয়নি। তবে প্রসিকিউশন পক্ষের বক্তব্য ছিল, ভবিষ্যতে একই ধরনের ফ্লাইট বুকিংয়ের কাজে এটি ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে।

জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তাকে প্রশ্ন করে, কেন সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই তাদের ফ্লাইট বুক করতে পারছেন না, সেটি তিনি যাচাই করেছিলেন কি না। জবাবে হোয়াইট জানান, তারা কেন ব্রিটেনে আসতে চেয়েছেন, সে বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না; তার মূল উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন করা। এ বিষয়ে তিনি পুলিশের কাছে অশালীন ভাষাও ব্যবহার করেন বলে আদালতে জানানো হয়।

হোয়াইট দাবি করেছিলেন, প্রতিটি বুকিংয়ের জন্য তিনি মাত্র ৫০ ডলার করে পেতেন। তবে বিচারক পল হবসন তার এই দাবির বিষয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, এত সামান্য অর্থের বিনিময়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার বিষয়টি বাণিজ্যিকভাবে যুক্তিসংগত বলে মনে হয় না।

আদালতে জানা যায়, হোয়াইট নিজেও এর আগে ছোট নৌকায় করে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছিলেন। পরে তিনি ব্যারিতে বসবাস শুরু করেন এবং ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত ব্রিটেনে থাকার অনুমতি পেয়েছিলেন।

তার আইনজীবী আদালতে যুক্তি দেন, হোয়াইটের কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবে তুলনামূলক কমসংখ্যক মানুষ ব্রিটেনে পৌঁছাতে পেরেছিলেন এবং যাত্রাগুলো বিপজ্জনক ছোট নৌকার পরিবর্তে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে হয়েছিল। আদালত অবশ্য অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে তার দোষ স্বীকারের পর তিন বছর নয় মাসের কারাদণ্ড দেন। তার আগের কোনো ফৌজদারি দণ্ড ছিল না বলেও আদালতে জানানো হয়।

সূত্রঃ ওয়েলস অনলাইন

এমকে

আরো পড়ুন

হোম অফিসের রেইডে ৪৪ জন ডেলিভারি ড্রাইভার আটক

যুক্তরাজ্যে বাড়ছে প্রতিবন্ধী শিশু, দশক শেষে দাঁড়াবে ১০ লাখ

যুক্তরাজ্যে ক্রমবর্ধমান ব্যয় সহায়তা হিসেবে হাজার পাউন্ড দেয়ার ঘোষণা