TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে একসঙ্গে একাধিক সরকারি চাকরি করে ধরা পড়লেন ৩০১ কর্মী

ব্রিটেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একসঙ্গে একাধিক পূর্ণকালীন চাকরি করে বেতন নেওয়ার অভিযোগে গত ১০ বছরে ৩০১ জন সরকারি কর্মী শনাক্ত হয়েছেন। সরকারি কর্মীদের তথ্য যাচাই করে এসব অনিয়ম শনাক্ত করেছে দেশটির মন্ত্রিপরিষদ দপ্তরের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ লাখ ৫০ হাজার পাউন্ডের বেতন ফেরত আদায় করেছে সরকার।

সম্প্রতি ৫৬ বছর বয়সী সরকারি কর্মকর্তা কাশিম চৌধুরী একসঙ্গে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার মাধ্যমে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তিন সপ্তাহের বিচার শেষে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের জুরি বোর্ড তাকে প্রতারণার আটটি অভিযোগ এবং তথ্য গোপন করে প্রতারণার একটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। আগামী ২৯ জানুয়ারি তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে।

ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৩০১ জন সরকারি কর্মীকে একাধিক চাকরির মাধ্যমে একই সময়ে একাধিক প্রতিষ্ঠানের বেতন নেওয়ার ঘটনায় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৫৬ জন ইংল্যান্ডের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শনাক্ত হওয়া এসব কর্মীর সবাই চাকরি থেকে পদত্যাগ করেছেন অথবা বরখাস্ত হয়েছেন।

কাশিম চৌধুরী ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে মোট আটটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। এসব চাকরি থেকে তিনি মোট ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮ পাউন্ড ৮১ পেনি বেতন পেয়েছেন। অথচ কোনো প্রতিষ্ঠানই জানত না যে তিনি একই সময়ে অন্য সরকারি প্রতিষ্ঠানের পূর্ণকালীন চাকরিও করছেন।

তার চাকরির তালিকায় ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ (ডেফ্রা), স্বরাষ্ট্র দপ্তর, ব্যবসা ও বাণিজ্য বিভাগ, খাদ্য মান নিয়ন্ত্রণ সংস্থা এবং যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা। একপর্যায়ে পাঁচটি প্রতিষ্ঠানে একসঙ্গে পূর্ণকালীন চাকরি করছিলেন তিনি। সব প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে হলে সপ্তাহে তাকে ১৮৩ ঘণ্টা কাজ করতে হতো, যা সাত দিনে বাস্তবে অসম্ভব।

২০২৩ সালের ৪ মে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থায় নিজের ব্যবস্থাপকের সঙ্গে অনলাইন বৈঠকে যোগ দেন কাশিম। দীর্ঘ অসুস্থতাজনিত ছুটির পর কাজে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তার বার্ষিক বেতন ছিল ৫২ হাজার পাউন্ডের কিছু বেশি।

বৈঠকে তার ব্যবস্থাপক আলিশা অ্যাডামস অবাক হয়ে দেখেন, কাশিমের মুখে সাদা রঙের মেকআপ লাগানো। বৈঠক চলাকালে কপাল থেকে সেই রং উঠে যেতে থাকায় তার সন্দেহ হয়, অসুস্থ দেখানোর জন্যই এমন সাজ নিয়েছেন তিনি। আরও বিস্ময়ের বিষয় ছিল, স্বাস্থ্য সুরক্ষা সংস্থার কর্মী হয়েও তিনি বৈঠকে পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগের ইমেইল ঠিকানা ব্যবহার করছিলেন।

কাশিম বিষয়টিকে প্রযুক্তিগত সমস্যা বলে ব্যাখ্যা দেন। তবে তার ব্যবস্থাপক তখনও জানতেন না, একই সময়ে আরও চারটি পূর্ণকালীন সরকারি চাকরি সামলাচ্ছেন তিনি।

তদন্তে উঠে এসেছে, করোনাভাইরাস মহামারির পর সরকারি প্রতিষ্ঠানে বাড়িতে বসে কাজের সুযোগ বাড়ার ফলে কাশিমের পক্ষে দীর্ঘদিন প্রতারণা চালিয়ে যাওয়া সহজ হয়েছিল। অধিকাংশ চাকরিতেই তিনি পুরোপুরি বাসা থেকে কাজ করার অনুমতি পেয়েছিলেন। নিজের বৃদ্ধ মায়ের একমাত্র দেখাশোনাকারী হিসেবে দায়িত্ব পালনের কথা বলে এ সুবিধা নিয়েছিলেন তিনি।

কখনো অনলাইন বৈঠকে ক্যামেরা বন্ধ রাখতেন, কখনো ইন্টারনেট সমস্যার অজুহাতে বৈঠক থেকে বেরিয়ে যেতেন। কোনো একটি প্রতিষ্ঠানে টানা পাঁচ মাস ক্যামেরা চালু করেননি। অন্যদিকে, বিভিন্ন প্রতিষ্ঠানে তার কাজের মান ও সময়মতো দায়িত্ব পালনের বিষয়ে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পূর্ব লন্ডনের এনএইচএস ট্রাস্টে ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কাজ করার সময়ও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে ব্যবস্থাপকরা তার দেওয়া টাইমশিটের ওপর নির্ভর করে পূর্ণকালীন কাজের বেতন অনুমোদন করতেন। অথচ ওই সময় তিনি ডেফ্রা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলেও চাকরি করছিলেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন কাশিম। তার বার্ষিক বেতন ছিল ৪০ হাজার ৬৪৬ পাউন্ড। সেখানেও তাকে মূলত বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল।

ঘটনাটি ব্রিটেনের সরকারি চাকরিতে কর্মদক্ষতা যাচাই, উপস্থিতি এবং জবাবদিহির দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্সের প্রচারবিষয়ক পরিচালক উইলিয়াম ইয়ারউড বলেন, সরকারি কর্মীদের একাধিক পূর্ণকালীন চাকরির বেতন নেওয়া করদাতাদের অর্থের চরম অপব্যবহার। শত শত কর্মী এভাবে ধরা পড়ার ঘটনা সরকারের নজরদারি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। তিনি সরকারি কর্মীদের নিয়োগ যাচাই আরও কঠোর করা এবং প্রতারণায় জড়িতদের চাকরিচ্যুত করার দাবি জানান।

সেন্টার ফর গভর্নমেন্টের গবেষণা অনুযায়ী, সরকারি কর্মীদের সপ্তাহের অন্তত ৬০ শতাংশ সময় অফিসে উপস্থিত থাকার নিয়ম থাকলেও বাস্তবে উপস্থিতির হার প্রায় ৩৯ শতাংশ। গবেষণায় বলা হয়েছে, কিছু কর্মী নিয়মিত অফিসে এলেও উল্লেখযোগ্যসংখ্যক কর্মী একেবারেই অফিসে আসেন না।

এদিকে, ব্রিটেনের সরকারি চাকরির সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে ৫ লাখ ৬০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। তবে ২০২৫ সালেও সরকারি খাতের উৎপাদনশীলতা ২০১৯ সালের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম ছিল।

সাবেক পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এবং সেন্টার ফর গভর্নমেন্টের প্রধান আমির কোটেচা বলেন, বাড়িতে বসে কাজের সুযোগের অপব্যবহার, কর্মদক্ষতা কম হলেও কর্মীদের চাকরিচ্যুত করতে না পারা এবং অতিরিক্ত ছাড় দেওয়ার সংস্কৃতি—সব মিলিয়ে এ ধরনের ঘটনা ঘটছে।

আদালতে কাশিম চৌধুরী নিজের ভুল স্বীকার করলেও অপরাধমূলক উদ্দেশ্য থাকার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, আগের একটি চাকরির কারণে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হওয়া এবং কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা তার পরিস্থিতির জন্য দায়ী।

তবে আদালত তাকে প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। আগামী ২৯ জানুয়ারি তার সাজা ঘোষণার মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার পরবর্তী অধ্যায় শুরু হবে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের মেডিকেল নথি চুরির চেষ্টা

নারী নয়, এবার বৃদ্ধ টার্গেটেঃ লন্ডনে গির্জার পাশে ষাটোর্ধ্ব পুরুষ ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে ব্রিটেনের মানবাধিকার অবনতির অভিযোগ