9.8 C
London
March 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে জনমত জরিপে চমকঃ লেবারকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে গ্রিন পার্টি

যুক্তরাজ্যে নতুন এক জনমত জরিপে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক দেখা গেছে। সর্বশেষ জরিপে ক্ষমতাসীন লেবার পার্টিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রিন পার্টি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস।

 

জরিপটি পরিচালনা করেছে ইউগভ, যা স্কাই নিউজের জন্য করা হয়। এতে দেখা যায়, গ্রিন পার্টির সমর্থন বেড়ে ২১ শতাংশে পৌঁছেছে, যা আগের তুলনায় চার শতাংশ বেশি। জরিপকারীরা মনে করছেন, গর্টন অ্যান্ড ডেন্টন বাই-ইলেকশন বা উপনির্বাচন নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রভাব এই উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জরিপ অনুযায়ী, বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে রিফর্ম ইউকে, যাদের সমর্থন ২৩ শতাংশ। অন্যদিকে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি উভয় দলই সমানভাবে ১৬ শতাংশ সমর্থন পেয়েছে, যা আগের তুলনায় দুই শতাংশ কম। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটস রয়েছে ১৪ শতাংশে।

জরিপে আরও দেখা গেছে, ৫০ বছরের নিচের ভোটারদের মধ্যে গ্রিন পার্টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বিশেষ করে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় ৪৯ শতাংশ জানিয়েছেন, তারা গ্রিন পার্টিকে সমর্থন করতে পারেন। একইভাবে ২৫ থেকে ৪৯ বছর বয়সী ভোটারদের মধ্যেও ২৭ শতাংশের কাছে দলটি শীর্ষ পছন্দ হিসেবে উঠে এসেছে।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে যারা লেবার পার্টিকে ভোট দিয়েছিলেন, তাদের মধ্যেও এখন সমর্থন বিভিন্ন দলে ছড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। সেই ভোটারদের মধ্যে মাত্র ৩৭ শতাংশ জানিয়েছেন যে তারা আবার লেবারকে ভোট দিতে পারেন। অন্যদিকে ২৫ শতাংশ গ্রিন পার্টিকে সমর্থন করতে পারেন, ৮ শতাংশ লিবারেল ডেমোক্র্যাটসকে সমর্থনের কথা বলেছেন এবং প্রায় ২০ শতাংশ এখনও সিদ্ধান্তহীন বা ভোট দেবেন কি না সে বিষয়ে নিশ্চিত নন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল লেবার পার্টির জন্য নতুন চাপ তৈরি করতে পারে। দলটির ভেতরে ইতিমধ্যে নীতিগত অবস্থান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। একাংশ মনে করছেন দলকে আরও বামপন্থী নীতি গ্রহণ করতে হবে। অন্যদিকে আরেকটি অংশের মতে দলনেতা কিয়ার স্টারমারের বর্তমান কঠোর রাজনৈতিক অবস্থান বজায় রাখাই লেবারের জন্য বেশি কার্যকর হতে পারে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

‘ঘোড়ার লাথি খেয়ে’ হাসপাতালে প্রিন্সেস অ্যান’

পশ্চিম লন্ডনের পাঁচ তারকা হোটেলের সামনে ছুরিকাঘাতে যুবক নিহত

যুক্তরাজ্যের ১০৩ বছরের বেরিল কারঃ বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্বেচ্ছাসেবক হিসেবে গিনেস রেকর্ডে নাম