TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ডিপোজিট ছাড়াই বাড়ি কেনার নতুন সুবর্ণ সুযোগ

যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহী ভাড়াটিয়াদের জন্য ডিপোজিট ছাড়াই বাড়ি কেনার নতুন সুযোগ তৈরি হয়েছে। হ্যানলি ইকোনমিক বিল্ডিং সোসাইটি ১০০ শতাংশ মর্টগেজ চালু করেছে, যার মাধ্যমে যোগ্য ক্রেতারা কোনো ডিপোজিট ছাড়াই সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পর্যন্ত ঋণ নিতে পারবেন।
নতুন এই মর্টগেজের নাম ‘রেন্ট টু ওন’। এতে যোগ্য হতে আবেদনকারীর বার্ষিক আয় কমপক্ষে ২৫ হাজার পাউন্ড হতে হবে। তবে কত টাকা ঋণ পাওয়া যাবে, তা আবেদনকারীর বর্তমান মাসিক ভাড়ার ওপরও নির্ভর করবে।
নতুন নিয়ম অনুযায়ী, ঋণের পরিমাণ আবেদনকারীর বর্তমান মাসিক ভাড়ার সর্বোচ্চ ১৩৩ শতাংশ পর্যন্ত হতে পারে। যুক্তরাজ্যে গড় মাসিক ভাড়া বর্তমানে প্রায় ১ হাজার ৩৬৬ পাউন্ড। সেই হিসাবে কারও ক্ষেত্রে মাসিক মর্টগেজ পরিশোধের সীমা প্রায় ১ হাজার ৮১৭ পাউন্ড পর্যন্ত হতে পারে।
তবে ডিপোজিট না থাকলেও আবেদনকারীদের সাধারণ ক্রেডিট যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ নিয়মিত আয়, ঋণ পরিশোধের ইতিহাস এবং অন্যান্য আর্থিক বিষয় বিবেচনা করা হবে।
নতুন মর্টগেজটির সুদের হার পাঁচ বছরের জন্য ৫ দশমিক ৭৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ডিপোজিটসহ বাজারের কিছু প্রচলিত মর্টগেজের তুলনায় এই হার বেশি।
মর্টগেজ বিশেষজ্ঞ রানাল্ড মিচেল বলেন, নিয়মিত সময়মতো ভাড়া পরিশোধের রেকর্ড থাকলে এবং নতুন মর্টগেজের কিস্তি বর্তমান ভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে বড় অঙ্কের ডিপোজিট জমা না করেও বাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে।
তবে কোনো ডিপোজিট না থাকায় বাড়ির বাজারমূল্য কমে গেলে ঋণের পরিমাণ সম্পত্তির মূল্যের চেয়ে বেশি হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিকে নেগেটিভ ইকুইটি বলা হয়।
মিচেল আরও জানান, এটি বিশেষায়িত ১০০ শতাংশ মর্টগেজ হওয়ায় এর সুদের হার বাজারের সবচেয়ে কম সুদের কিছু মর্টগেজের তুলনায় বেশি হতে পারে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ে নিয়মিত অর্থ পরিশোধের পরিষ্কার রেকর্ড থাকা প্রয়োজন।
এর আগে ২০২৩ সালে স্কিপটন বিল্ডিং সোসাইটিও ভাড়াটিয়াদের জন্য ডিপোজিট ছাড়াই ‘ট্র্যাক রেকর্ড মর্টগেজ’ চালু করেছিল। সেখানে আবেদনকারীদের অন্তত ১২ মাস সময়মতো ভাড়া পরিশোধের রেকর্ড এবং ভালো ক্রেডিট ইতিহাস দেখাতে হয়।
স্কিপটনের ওই পণ্যে প্রত্যেক আবেদনকারীর মাসিক মর্টগেজ কিস্তি তার আগের ছয় মাসে দেওয়া গড় ভাড়ার চেয়ে বেশি হতে পারে না।
এদিকে যুক্তরাজ্যের বাজারে ডিপোজিট ছাড়া আরও কিছু মর্টগেজ পণ্য রয়েছে। তবে সেগুলোর ক্ষেত্রে সাধারণত গ্যারান্টারের প্রয়োজন হয়। পরিবারের কোনো সদস্য বা নিজস্ব বাড়ির মালিক বন্ধু গ্যারান্টার হিসেবে যুক্ত হতে পারেন এবং ঋণগ্রহীতা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে নির্দিষ্ট পরিস্থিতিতে তার ওপর অর্থ পরিশোধের দায় আসতে পারে।
সূত্রঃ ডেইলি মিরর
এমকে

আরো পড়ুন

প্রতারণা মামলা থেকে রেহাই পেলেন এমপি আপসানা

রিস্টার্ট গ্রান্ট সম্পর্কে ব্রিটেনের ক্ষুদ্র ব্যবসায়ীদের যা জানা দরকার

নিউজ ডেস্ক

ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন গ্যাভিন উইলিয়ামসন