ব্রিটেনে ব্লু ব্যাজধারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও গাড়িতে ব্লু ব্যাজ প্রদর্শন করলে সর্বোচ্চ ১ হাজার পাউন্ড জরিমানা হতে পারে। একই সঙ্গে ব্যাজ জব্দও করা হতে পারে।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ব্লু ব্যাজ নবায়নের ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি অনুসরণ করলে পুরোনো ব্যাজের মেয়াদ শেষ হওয়ার পর নতুন ব্যাজ কার্যকর হওয়ার মধ্যে কোনো বিরতি তৈরি হবে না। কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ১২ সপ্তাহ আগেই নবায়নের আবেদন করা যেতে পারে।
বিশেষ বিষয় হলো, আগেভাগে নবায়নের আবেদন করলেও নতুন ব্লু ব্যাজের কার্যকর হওয়ার তারিখ স্বয়ংক্রিয়ভাবে পুরোনো ব্যাজের মেয়াদ শেষ হওয়ার পরের দিন নির্ধারিত হবে। ফলে নতুন ব্যাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত বৈধতার ক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কা কমে।
মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পুরোনো ব্লু ব্যাজ গাড়িতে প্রদর্শন করা ‘অপব্যবহার’ হিসেবে গণ্য হতে পারে। এটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং এর ফলে ১ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার পাশাপাশি ব্যাজ জব্দ হওয়ার ঝুঁকি রয়েছে।
ব্রিটেনজুড়ে বর্তমানে বিপুলসংখ্যক মানুষ ব্লু ব্যাজ ব্যবহার করেন। সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ব্লু ব্যাজের ৯০ শতাংশ আবেদন এখন অনলাইনে করা হচ্ছে। চলতি বছর যাদের ব্যাজের মেয়াদ শেষ হওয়ার কথা, তাদের আগেভাগেই নবায়নের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইনে নবায়নের সময় পুরোনো ব্লু ব্যাজের তথ্য, ব্যক্তিগত তথ্য এবং যোগ্যতার প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনটির ফল জানিয়ে ই-মেইল পাঠানো হয়। আবেদন অনুমোদিত হলে স্থানীয় কাউন্সিলকে ফি পরিশোধের নির্দেশনাও ওই ই-মেইলে দেওয়া হয়।
ইংল্যান্ডে নতুন ব্লু ব্যাজের জন্য ফি ১০ পাউন্ড, স্কটল্যান্ডে ২০ পাউন্ড এবং ওয়েলসে এটি বিনামূল্যে। ফি পরিশোধের পর পরিবহন মন্ত্রণালয় থেকে ব্লু ব্যাজ অর্ডার হওয়ার বিষয়টি জানিয়ে ই-মেইল পাঠানো হয়। সাধারণত ১০ কর্মদিবসের মধ্যে ব্যাজ পৌঁছানোর কথা।
নবায়নের সময় ব্লু ব্যাজের যোগ্যতাও আবার যাচাই করা হয়। ২০১৯ সালে যোগ্যতার নিয়ম সম্প্রসারণ করা হয়, যার ফলে পারকিনসনস, ডিমেনশিয়া ও মৃগীরোগের মতো দৃশ্যমান নয় এমন প্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তিরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে ব্লু ব্যাজ পাওয়ার সুযোগ পান।
ডেইলি মিরর জানিয়েছে, চলতি বছরের শেষ হওয়ার আগেই যাদের ব্লু ব্যাজের মেয়াদ শেষ হবে, তারা এখনই নবায়নের আবেদন করতে পারেন। এতে শেষ মুহূর্তে আবেদন করতে ভুলে গিয়ে জরিমানা বা ব্যাজ জব্দ হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হতে পারে।
সূত্রঃ ডেইলি মিরর
এমকে

