যুক্তরাজ্যে একক আয়ের ব্যক্তিদের জন্য বাড়ি কেনার সবচেয়ে সাশ্রয়ী সাতটি এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের বার্নলি প্রথম স্থানে রয়েছে। এসব এলাকায় তুলনামূলক কম বেতনে এবং বাড়ির মূল্যের ১০ শতাংশ ডিপোজিট দিয়ে মর্টগেজের মাধ্যমে নিজের বাড়ি কেনার সুযোগ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেল হাউস ফাস্টের গবেষণার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তালিকার প্রথম স্থানে থাকা বার্নলিতে মধ্যম বার্ষিক বেতন ২৯ হাজার ৬৮০ পাউন্ড। সেখানে একটি বাড়ির গড় মূল্য ১ লাখ ২৯ হাজার ৫৫৬ পাউন্ড। বাড়ির মূল্যের ১০ শতাংশ অর্থাৎ ১২ হাজার ৯৫৬ পাউন্ড ডিপোজিট দিতে পারলে বাকি ১ লাখ ১৬ হাজার ৬০০ পাউন্ড মর্টগেজের মাধ্যমে পরিশোধ করতে হবে।
দ্বিতীয় স্থানে রয়েছে হার্টলপুল। সেখানে একটি বাড়ির গড় মূল্য ১ লাখ ২৯ হাজার ১২৯ পাউন্ড। এ এলাকায় বাড়ি কেনার জন্য প্রয়োজনীয় বার্ষিক বেতন প্রায় ২৮ হাজার ৮৩০ পাউন্ড। ১০ শতাংশ ডিপোজিট হিসেবে দিতে হবে ১২ হাজার ৯১৩ পাউন্ড। বাকি ১ লাখ ১৬ হাজার ২১৬ পাউন্ড হবে মর্টগেজ।
তৃতীয় স্থানে রয়েছে মিডলসব্রো। সেখানে গড় বার্ষিক বেতন ৩০ হাজার ২৫৩ পাউন্ড এবং বাড়ির গড় মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫ পাউন্ড। ১০ শতাংশ ডিপোজিটের পরিমাণ ১৩ হাজার ৯০১ পাউন্ড। বাকি ১ লাখ ২৫ হাজার ১০৫ পাউন্ড মর্টগেজ নিতে হবে।
তালিকার চতুর্থ স্থানে কাউন্টি ডারহাম। সেখানে বাড়ির গড় মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৬৭ পাউন্ড এবং মধ্যম বেতন ২৯ হাজার ৭১৮ পাউন্ড। পঞ্চম স্থানে রয়েছে হাইন্ডবার্ন। সেখানে গড় বাড়ির মূল্য ১ লাখ ৩৯ হাজার ৮০০ পাউন্ড এবং মধ্যম বেতন ২৯ হাজার ৬৪৭ পাউন্ড।
ষষ্ঠ স্থানে ব্ল্যাকপুল। সেখানে বাড়ির গড় মূল্য ১ লাখ ৩৪ হাজার ৭৩২ পাউন্ড এবং মধ্যম বেতন ২৭ হাজার ৯৭৯ পাউন্ড। সপ্তম স্থানে থাকা হালের বাড়ির গড় মূল্য ১ লাখ ৩৫ হাজার ৫১ পাউন্ড এবং মধ্যম বেতন ২৭ হাজার ৩০৯ পাউন্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে যুক্তরাজ্যে প্রথমবার বাড়ি কিনেছেন এমন ব্যক্তিদের গড় ডিপোজিট ছিল প্রায় ২০ শতাংশ। ৩ লাখ ১১ হাজার ৩৪ পাউন্ডের একটি বাড়ির জন্য গড় ডিপোজিটের পরিমাণ ছিল ৬১ হাজার ৯০ পাউন্ড। সেই তুলনায় তালিকাভুক্ত এলাকাগুলোতে ১০ শতাংশ ডিপোজিটের সুযোগ একক ক্রেতাদের জন্য তুলনামূলক সুবিধাজনক।
এককভাবে বাড়ি কেনার প্রবণতাও বাড়ছে। বার্কলেস ব্যাংকের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০২৬ সালে এককভাবে প্রথম বাড়ি কেনার ঘটনা ১৯৮০ সালের আগের সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। ১৯৮০ সালের আগে প্রথম বাড়ি কেনা ব্যক্তিদের মাত্র ১৫ শতাংশ এককভাবে বাড়ির মালিক হয়েছিলেন। ওই প্রজন্মের ৮৩ শতাংশ প্রথম বাড়ি কিনেছিলেন জীবনসঙ্গীর সঙ্গে।
অন্যদিকে, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে প্রথম বাড়ি কেনার ক্ষেত্রে একক ক্রেতাদের অংশ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। চলতি বছরের জুনে সম্পন্ন হওয়া বাড়ি কেনার চুক্তির ৩৬ দশমিক ৯ শতাংশ ছিল একক ক্রেতাদের।
তবে এককভাবে বাড়ি কেনার ক্ষেত্রে নারীরা তুলনামূলক বেশি সমস্যার মুখে পড়ছেন। বিশেষ করে নারী-পুরুষের বেতন বৈষম্যের কারণে নারীদের জন্য মর্টগেজ পাওয়ার মতো আয় নিশ্চিত করা কঠিন হয়ে উঠছে।
উইমেনস বাজেট গ্রুপের এক গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ডে বাড়ি কেনার সামর্থ্য অর্জন করতে নারীদের বার্ষিক বেতনের ১২ গুণেরও বেশি অর্থের সমপরিমাণ সম্পদের প্রয়োজন হয়। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে প্রয়োজন হয় বার্ষিক বেতনের আট গুণের কিছু বেশি।
লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে পরিস্থিতি আরও কঠিন। এসব এলাকায় নারীদের নিজের বাড়ি কেনার জন্য বার্ষিক বেতনের ১৬ থেকে ১৮ গুণ পর্যন্ত অর্থের সমপরিমাণ বাড়ির মূল্য বহন করতে হচ্ছে।
এ ছাড়া স্পেয়াররুমের ২০২৬ সালের গবেষণা অনুযায়ী, পুরুষদের তুলনায় নারীরা আয়ের বড় অংশ বাড়িভাড়ায় ব্যয় করেন। যুক্তরাজ্যে ৭৯ শতাংশ নারী মাসিক আয়ের ৩০ শতাংশের বেশি বাড়িভাড়া দেন। পুরুষদের ক্ষেত্রে এই হার ৬৯ শতাংশ। ফলে বাড়ির ডিপোজিটের জন্য সঞ্চয় করা নারীদের জন্য আরও কঠিন হয়ে উঠছে।
সূত্রঃ মেট্রো
এমকে

