ব্রিটেনে বাড়ির পুরোনো জ্বালানি ব্যবস্থা পরিবর্তন করে কম কার্বন নির্গমনকারী হিটিং ব্যবস্থা স্থাপনে বাড়ির মালিকদের জন্য সরকারি সহায়তা বাড়ানো হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের যোগ্য সম্পত্তির মালিকরা ‘বয়লার আপগ্রেড স্কিম’-এর আওতায় হিট পাম্প স্থাপনের জন্য সর্বোচ্চ ৯ হাজার পাউন্ড পর্যন্ত অনুদান পেতে পারেন।
২৪ সেপ্টেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে এই স্কিমের আওতায় হিট পাম্প স্থাপনের জন্য সর্বোচ্চ সংখ্যক ভাউচার ইস্যু হয়েছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় ভাউচার ইস্যুর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
অফজেমের তথ্য অনুযায়ী, যোগ্য অফ-গ্যাস-গ্রিড সম্পত্তিতে এয়ার-টু-ওয়াটার অথবা গ্রাউন্ড সোর্স হিট পাম্পের ক্রয় ও স্থাপনের খরচে সর্বোচ্চ ৯ হাজার পাউন্ড পর্যন্ত অনুদান পাওয়া যাচ্ছে। এই সহায়তার সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।
এয়ার সোর্স হিট পাম্পের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ পাউন্ড এবং গ্রাউন্ড সোর্স হিট পাম্পের ক্ষেত্রেও সর্বোচ্চ ৭ হাজার ৫০০ পাউন্ড অনুদান দেওয়া হচ্ছে। অন্যদিকে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে বায়োমাস বয়লারের জন্য সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে।
বয়লার আপগ্রেড স্কিমের মাধ্যমে বাড়ির মালিকদের তেল বা গ্যাস বয়লারের মতো জীবাশ্ম জ্বালানিনির্ভর পুরোনো হিটিং ব্যবস্থা পরিবর্তন করে কম কার্বন নির্গমনকারী প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।
সরকারের তথ্য অনুযায়ী, হিট পাম্প বাইরের বাতাস বা মাটি থেকে তাপ সংগ্রহ করে ভবনের ভেতরে সরবরাহ করে। প্রায় এক ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে তিন ইউনিট পর্যন্ত তাপ উৎপাদন করতে পারে একটি হিট পাম্প। গ্যাস বয়লারের পরিবর্তে এ ধরনের ব্যবস্থা ব্যবহার করলে বাড়ির জ্বালানি চাহিদা কমতে পারে।
স্থানীয় জ্বালানি ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী মার্টিন ম্যাকক্লাসকি বলেন, ইংল্যান্ড ও ওয়েলসে পরিচ্ছন্ন তাপ ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে হিটিং অয়েল বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ব্যবহারকারী গ্রামীণ বাড়ির মালিকদের জন্য সরকারি সহায়তা ৭ হাজার ৫০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৯ হাজার পাউন্ড করা হয়েছে।
এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিটের জ্বালানি বিভাগের প্রধান জেস রালস্টন বলেন, বয়লার আপগ্রেড স্কিমের আওতায় আগস্টে হিট পাম্পের রেকর্ড সংখ্যক ভাউচার ইস্যু হওয়া এই প্রযুক্তির ব্যবহার বাড়ার একটি ইঙ্গিত। তার বক্তব্য অনুযায়ী, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানো হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারের মূল্য ওঠানামার প্রভাবও কমতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব যুক্তরাজ্যের গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম এবং মূল্যস্ফীতিতেও পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর ক্লেয়ার লোম্বারডেলি বলেছেন, স্বল্পমেয়াদি মূল্যস্ফীতির অন্যতম প্রধান চালক হলো বৈশ্বিক জ্বালানির দামের পরিবর্তন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি দামের ভবিষ্যৎ গতিপথ নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েছে বলেও তিনি জানান।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে অবস্থিত আবাসিক বাড়ি অথবা ছোট থেকে মাঝারি আকারের অনাবাসিক ভবনের মালিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে বয়লার আপগ্রেড স্কিমের জন্য যোগ্য হতে পারেন। সম্পত্তির বৈধ এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট বা ইপিসি থাকতে হবে।
এই স্কিমের আওতায় কাজ করতে হলে ইনস্টলারকে এমসিএস সার্টিফায়েড হতে হবে। অনুমোদিত ইনস্টলার সম্পত্তির মালিকের পক্ষে ভাউচারের জন্য আবেদন এবং তা রিডিম করতে পারেন।
বায়োমাস বয়লারের ক্ষেত্রে বাড়তি শর্ত রয়েছে। সম্পত্তিটি গ্রামীণ এলাকায় অবস্থিত হতে হবে এবং সেখানে মেইনস গ্যাস সংযোগ থাকা যাবে না। তবে হিট পাম্পের ক্ষেত্রে এই দুটি শর্ত প্রযোজ্য নয়।
অনুদান পেতে হলে সাধারণত পুরোনো জীবাশ্ম জ্বালানিনির্ভর হিটিং ব্যবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে। এর মধ্যে তেল বা গ্যাস বয়লার এবং নির্দিষ্ট বৈদ্যুতিক হিটিং ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে কোনো কম কার্বন নির্গমনকারী হিটিং ব্যবস্থা থাকলে সেটি পরিবর্তনের জন্য এই অর্থায়ন পাওয়া যাবে না।
একই হিট পাম্প বা বায়োমাস বয়লারের জন্য আগে সরকারি অর্থায়ন বা সহায়তা নেওয়া হয়ে থাকলে আবার এই স্কিমের আওতায় অর্থ পাওয়া যাবে না। তবে ইনসুলেশন, দরজা বা জানালার মতো জ্বালানি দক্ষতা বাড়ানোর কাজের জন্য আলাদা সরকারি সহায়তা নেওয়া থাকলে তা যোগ্যতার ক্ষেত্রে বাধা নয়।
নতুন নির্মিত বাড়ি এবং সামাজিক আবাসন সাধারণত বয়লার আপগ্রেড স্কিমের আওতায় পড়ে না। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে নিজস্বভাবে নির্মিত সেল্ফ-বিল্ড বাড়ি এই স্কিমের জন্য যোগ্য হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, বয়লার আপগ্রেড স্কিমের মূল উদ্দেশ্য হলো পুরোনো জীবাশ্ম জ্বালানিনির্ভর হিটিং ব্যবস্থা পরিবর্তনে প্রাথমিক খরচের চাপ কমানো এবং কম কার্বন নির্গমনকারী হিটিং প্রযুক্তির ব্যবহার বাড়ানো।
সূত্রঃ ডেইলি মিরর
এমকে

