15.7 C
London
May 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের ব্যাংকিং খাতে বড় পরিবর্তনের আভাস, ‘হ্যালিফ্যাক্স’কে লয়েডসে একীভূত করার পরিকল্পনা

ব্রিটেনের ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে লয়েডস ব্যাংকিং গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের প্রায় ১৭৪ বছরের পুরোনো জনপ্রিয় ব্যাংকিং ব্র্যান্ড “হ্যালিফ্যাক্স”-কে আলাদা ব্র্যান্ড হিসেবে বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। সম্ভাব্য এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্রিটেনের খুচরা ব্যাংকিং খাতে বড় পুনর্গঠন দেখা যেতে পারে।

২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় সরকারি সহায়তায় একীভূত হওয়ার পর থেকেই লয়েডস ব্যাংকিং গ্রুপ তাদের তিনটি প্রধান খুচরা ব্যাংকিং ব্র্যান্ড—লয়েডস ব্যাংক, হ্যালিফ্যাক্স এবং ব্যাংক অব স্কটল্যান্ড—একসঙ্গে পরিচালনা করে আসছে। তবে বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ডিং কৌশল পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্কটল্যান্ডে শক্তিশালী অবস্থান এবং স্থানীয় পরিচিতির কারণে “ব্যাংক অব স্কটল্যান্ড” ব্র্যান্ড বহাল রাখার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলসে একইসঙ্গে “লয়েডস” ও “হ্যালিফ্যাক্স” পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রুপটির কর্মকর্তারা। তাদের মতে, ডিজিটাল ব্যাংকিংয়ের বিস্তার এবং পরিচালন ব্যয় কমানোর কৌশলের অংশ হিসেবেই এই পরিবর্তন বিবেচনা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে “হ্যালিফ্যাক্স” ব্র্যান্ড সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, নতুন গ্রাহকরা আর হ্যালিফ্যাক্সের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

এদিকে দ্য সান জানিয়েছে, বিদ্যমান গ্রাহকদের চলতি বছরের শরৎকাল থেকে ধীরে ধীরে “লয়েডস” ব্র্যান্ডে স্থানান্তর করা হতে পারে। যদিও সম্ভাব্য এই পরিবর্তনের ফলে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকিং তথ্য কিংবা জমা অর্থের নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

তবে পুরো বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে লয়েডস ব্যাংকিং গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবুও সম্ভাব্য এই পদক্ষেপ ব্রিটেনের ব্যাংকিং খাতে ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

সূত্রঃ দ্য সান\দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো শিশুদের দুধ শিল্পের ব্যাপক পরিবর্তনের প্রস্তাব করেছে

যুক্তরাজ্যের হাউজিং অ্যাসোসিয়েশনগুলোর বিরুদ্ধে পরিষেবা চার্জ বৃদ্ধির অভিযোগ

যুক্তরাজ্যে ইমামকে আটকে রেখে মসজিদে আগুনঃ সন্দেহভাজন দুই ব্যক্তির ছবি প্রকাশ