ব্রিটেনের ব্র্যাডফোর্ড এলাকায় গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ব্র্যাডফোর্ড কাউন্সিল। নতুন জাতীয় বর্জ্য ও পুনর্ব্যবহার আইন অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষকে সাপ্তাহিক খাদ্য বর্জ্য সংগ্রহ চালু এবং পুনর্ব্যবহার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ব্র্যাডফোর্ডে সাপ্তাহিক খাদ্য বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এর আগে এলাকার প্রতিটি পরিবারকে ২৭ লিটার ধারণক্ষমতার একটি বাইরের খাদ্য বর্জ্য বিন এবং ৫ লিটার ধারণক্ষমতার একটি রান্নাঘরের ছোট পাত্র (ক্যাডি) সরবরাহ করা হবে।
নতুন ব্যবস্থায় বাসিন্দারা অবশিষ্ট খাবার, প্লেটের উচ্ছিষ্ট, মেয়াদোত্তীর্ণ খাদ্য, চা পাতা, কফির গুঁড়া, পোষা প্রাণীর খাবার, ফল ও সবজির খোসা, ডিমের খোসা এবং কাঁচা বা রান্না করা মাংস ও মাছ (হাড়সহ) নির্দিষ্ট বিনে ফেলতে পারবেন।
কাউন্সিলের যানবাহন ও বর্জ্য বিভাগের প্রধান রিচার্ড গ্যালথেন বলেন, এই নীতিমালা বর্জ্য কমানো, পুনর্ব্যবহার বৃদ্ধি এবং আরও টেকসই পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন আইন অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে গৃহস্থালির বর্জ্যের অন্তত ৬৫ শতাংশ পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ২০৪২ সালের মধ্যে মোট গৃহস্থালির বর্জ্য অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৪ এপ্রিল কাউন্সিলের নির্বাহী কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে এসব পরিবর্তনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। বর্তমানে ব্র্যাডফোর্ডে চার সপ্তাহ অন্তর অর্থের বিনিময়ে বাগানের বর্জ্য সংগ্রহ করা হয় এবং সাধারণ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য এক সপ্তাহ পরপর সংগ্রহ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ব্র্যাডফোর্ড কাউন্সিল প্রতি বছর ২ লাখ টনেরও বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে থাকে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় আরও কার্যকরতা আসবে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সূত্রঃ বিবিসি
এম.কে

