TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের কাছে জাকির নায়েককে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়াঃ সিদ্ধান্তে অনড় সরকার

মালয়েশিয়া সরকার ধর্মীয় বক্তা ড. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অনড় রয়েছে। এ বিষয়ে ভারতের কাছে কোনো প্রতিশ্রুতি দেয়নি দেশটির সরকার। এমনকি জাকির নায়েককে হস্তান্তরের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধও পায়নি মালয়েশিয়া।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল দেশটির সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন। পেরিকাতান ন্যাশনালের সংসদ সদস্য ড. আহমাদ মারজুক শারির করা প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন, জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে মালয়েশিয়া কোনো প্রতিশ্রুতি দেয়নি।

মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টার, দ্য সান মালয়েশিয়া, ফ্রি মালয়েশিয়া টুডেসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে মালয়েশিয়া ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুসরণ করেই এ অবস্থান নিয়েছে দেশটি।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর জন্য ভারত সরকার প্রথম আনুষ্ঠানিক আবেদন করেছিল ২০১৮ সালের ১৯ জানুয়ারি। পরবর্তী সময়ে ২০২০ সালের ২৯ মে এ বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে কূটনৈতিক নোট পাঠায় নয়াদিল্লি।

তবে ভারতের এসব উদ্যোগের পরও জাকির নায়েককে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সরকারের আগের আবেদন ও পরবর্তী কূটনৈতিক যোগাযোগের বিষয়টি বিবেচনায় থাকলেও তাকে হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

এদিকে, জাকির নায়েকের প্রত্যর্পণ ইস্যুতে মালয়েশিয়ার অবস্থান নিয়ে ভারত ও দেশটির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে মালয়েশিয়ার আইনি ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি ওঠে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকেও জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গটি আলোচনায় আসে। বৈঠকে বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হয়েছিল বলে আনোয়ার ইব্রাহিম নিজেই নিশ্চিত করেছিলেন।

তবে দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার পরও জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে দেশটির আগের সিদ্ধান্তই আবার স্পষ্ট হয়েছে।

সূত্রঃ দ্য স্টার\ দ্য সান মালয়েশিয়া/ ফ্রি মালয়েশিয়া টুডে

এমকে

আরো পড়ুন

কুয়েত থেকে রেকর্ড সংখ্যক অভিবাসীকে ফেরত

মালদ্বীপের গুহা দুর্ঘটনাঃ ইতালীয় ৫ ডুবুরির মৃত্যু, উদ্ধারকর্মীরও করুণ পরিণতি

শপথ নিল ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার