13.1 C
London
October 10, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের আহ্বান

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রয়োজন হলে অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে অথবা স্বেচ্ছায় সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নতুন করে মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দেশটি।

প্রকাশিত নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজ নিজ ওয়েবসাইটে একই ধরনের সতর্কতা জারি করেছে। এতে উল্লেখ করা হয়, চলমান উত্তেজনার কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং যেকোনো সময় সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

দূতাবাসগুলোর মতে, সাম্প্রতিক সময়ে পূর্ব সতর্কতা ছাড়াই বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। এমনকি আগে তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত কিছু এলাকাতেও হামলার বিস্তার ঘটেছে। এসব ঘটনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কার ইঙ্গিত বহন করছে।

সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে, জরুরি প্রয়োজনে দ্রুত এলাকা ত্যাগের জন্য প্রস্তুত থাকতে এবং ভ্রমণ পরিকল্পনায় সম্ভাব্য বিঘ্নের বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমান সংস্থার সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এ অঞ্চলে বা এ অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

তবে মার্কিন দূতাবাসগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতির মধ্যেও নিয়মিত কনস্যুলার সেবা এবং ভিসা-সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।

আঞ্চলিক বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক বিমান চলাচল এবং কূটনৈতিক কার্যক্রমের ওপর এর ব্যাপক প্রভাব পড়তে পারে।

সূত্রঃ টাইমস অব ইসরায়েল

এম.কে

আরো পড়ুন

‘বোরকা আইন’ কার্যকর পর্তুগালেঃ মুখ ঢাকলে গুনতে হবে ৩ হাজার ইউরো পর্যন্ত

ইসরায়েলকে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের বিরল হুঁশিয়ারি

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান ১৬০-এর বেশি আইরিশ ক্রীড়াবিদের