দক্ষিণ লন্ডনের টুটিংয়ে অবস্থিত বিখ্যাত সেন্ট জর্জ’স হাসপাতালে মানসিক স্বাস্থ্য সংকটে থাকা রোগীদের জন্য নতুন একটি জরুরি বিভাগ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। রোগীদের আরও উপযোগী ও বিশেষায়িত চিকিৎসা দেওয়ার পাশাপাশি অপেক্ষাকৃত শান্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
জনপ্রিয় টেলিভিশন সিরিজ 24 Hours in A&E-এর মাধ্যমে পরিচিত সেন্ট জর্জ’স হাসপাতালকে নতুন এই মানসিক স্বাস্থ্য জরুরি বিভাগের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনাটি এগিয়ে নিতে এরই মধ্যে ১৯ লাখ পাউন্ড প্রাথমিক অর্থায়ন নিশ্চিত করা হয়েছে।
নতুন বিভাগ চালু হলে মানসিক স্বাস্থ্য সংকটে থাকা মানুষকে হাসপাতালের সাধারণ জরুরি বিভাগে দীর্ঘ সময় অপেক্ষা না করে বিশেষায়িত পরিবেশে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে হাসপাতালের A&E বিভাগের ওপর চাপ কমানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে জরুরি বিভাগে করিডোরে রোগীদের অপেক্ষা করার পরিস্থিতি কমানো এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
পরিকল্পনা অনুযায়ী, নতুন মানসিক স্বাস্থ্য জরুরি বিভাগটি হাসপাতালের A&E বিভাগের যতটা সম্ভব কাছাকাছি স্থাপন করা হবে। এতে মানসিক স্বাস্থ্য সংকটে থাকা রোগীদের দ্রুত ওই বিভাগে নেওয়া এবং প্রয়োজনীয় সেবা দেওয়ার সুযোগ থাকবে।
সেন্ট জর্জ’স হাসপাতালের সাইট প্রধান কেট স্লেমেক জানিয়েছেন, বর্তমানে কিছু মানুষ মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকট নিয়ে হাসপাতালে আসার পর জরুরি বিভাগে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। হাসপাতালের বাইরে প্রয়োজনীয় সেবা বা জায়গা খালি না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। নতুন বিভাগ চালু হলে এই পরিস্থিতিতে পরিবর্তন আনার সুযোগ তৈরি হবে।
ওয়ান্ডসওয়ার্থ কাউন্সিলের স্বাস্থ্য কমিটির ২১ সেপ্টেম্বরের বৈঠকে স্লেমেক জানান, সেন্ট জর্জ’স হাসপাতাল এনএইচএসের অংশীদারদের সঙ্গে যৌথভাবে নতুন বিভাগের পরিকল্পনা তৈরি করছে। প্রাথমিকভাবে পাওয়া ১৯ লাখ পাউন্ড দিয়ে এর পরিকল্পনা ও উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
স্লেমেকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে থাকা অবস্থায় মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ব্যক্তিদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়াই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সংকটের সময় প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য হস্তক্ষেপ নিশ্চিত করা এবং হাসপাতাল থেকে বের হওয়ার পর রোগীকে তার প্রয়োজন অনুযায়ী সঠিক সেবাকেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করার পরিকল্পনাও রয়েছে।
প্রস্তাবিত বিভাগটি পরিচালনা করবে South West London and St George’s Mental Health NHS Trust। আগামী কয়েক মাসে প্রকল্পটির বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হবে। এরপর এর কাঠামো ও বাস্তবায়ন নিয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।
সেন্ট জর্জ’স হাসপাতালের এই পরিকল্পনা ইংল্যান্ডজুড়ে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের বৃহত্তর ৩৪৩ মিলিয়ন পাউন্ডের তহবিল প্যাকেজের অংশ। আগস্টে ঘোষিত এই অর্থের আওতায় ইংল্যান্ডে মোট ১৫৯টি নতুন এনএইচএস মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এই ১৫৯টি কেন্দ্রের মধ্যে ১০০টি কমিউনিটি মেন্টাল হেলথ সেন্টার থাকবে। এসব কেন্দ্রে মানুষ সরাসরি গিয়ে মানসিক স্বাস্থ্য সহায়তা নিতে পারবেন। পাশাপাশি ৫৯টি মানসিক স্বাস্থ্য জরুরি বিভাগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সাউথ ওয়েস্ট লন্ডন এলাকাতেও এই বৃহত্তর বিনিয়োগ কর্মসূচির আওতায় পাঁচটি নতুন কমিউনিটি মেন্টাল হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
জাতীয় পর্যায়ে প্রকল্পগুলোর পরবর্তী দফার তহবিল অনুমোদন অক্টোবর ২০২৬-এ হওয়ার কথা রয়েছে। অনুমোদিত অর্থ মার্চ ২০২৮-এর মধ্যে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।
সেন্ট জর্জ’স হাসপাতালে প্রস্তাবিত নতুন বিভাগটি বাস্তবায়িত হলে মানসিক স্বাস্থ্য সংকটে থাকা রোগীদের সাধারণ জরুরি বিভাগের পরিবর্তে বিশেষায়িত পরিবেশে দ্রুত সেবা দেওয়ার একটি পৃথক ব্যবস্থা তৈরি হবে। একই সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগের ওপর চাপ কমানোর লক্ষ্যেও এটি ভূমিকা রাখতে পারে।
সূত্রঃ মাই লন্ডন
এমকে

