29.1 C
London
August 9, 2026
TV3 BANGLA
আমেরিকা

‘মুসলিমদের হত্যা করতে চাই’—যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়ানো হামলা

যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উটাহ অঙ্গরাজ্যের ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে ধর্মীয় পরিচয়ের কারণে এক মুসলিমকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার ছুরিকাঘাতের অভিযোগে ৪৮ বছর বয়সী পিটার মাইকেল লারসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদালতে দাখিল করা পুলিশি নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে বলেছেন যে তিনি “মুসলিমদের হত্যা করতে চান”। তদন্তকারীদের ভাষ্য, তার বক্তব্য, উগ্র মতাদর্শ এবং কথিত পূর্বপরিকল্পিত সহিংসতার কারণে তাকে মুক্তি দিলে জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে।

পুলিশ জানায়, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর কাছে গিয়ে তার নাম ও ধর্মীয় পরিচয় জানতে চান। এরপর এক বোতল পানি চাওয়ার পর, ভুক্তভোগী পানি আনতে ঘুরে দাঁড়াতেই তার ওপর ছুরি নিয়ে হামলা চালানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ দ্রুত হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন এবং মাটিতে চেপে ধরে রাখেন। পরে পুলিশ এসে তাকে আটক করে।

আহত মুসলিম ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের ঘনিষ্ঠদের উদ্যোগে খোলা একটি তহবিল সংগ্রহের পেজে দাবি করা হয়েছে, তাকে ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছে এবং তার একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। হামলাকারীও উপস্থিত লোকজনের বাধার মুখে আহত হন এবং চিকিৎসার পর তাকে সল্ট লেক কাউন্টি কারাগারে নেওয়া হয়।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগে তদন্ত চালাচ্ছে। আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ভুক্তভোগীকে তার মুসলিম পরিচয়ের কারণেই লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)সহ একাধিক মানবাধিকার সংগঠন। তারা বলছে, ধর্মীয় বিদ্বেষ থেকে সংঘটিত এ ধরনের হামলা সমাজে ভয় ও অনিরাপত্তা সৃষ্টি করে এবং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

মানবাধিকারকর্মীদের মতে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া দীর্ঘমেয়াদে বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসীবিরোধী বক্তব্য, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী উগ্রবাদ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরেও মুসলিমবিদ্বেষ বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে।

এর আগে ২০২৩ সালে ইলিনয় অঙ্গরাজ্যে এক ছয় বছর বয়সী মুসলিম শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা এবং ২০২৬ সালে সান দিয়েগোর একটি মসজিদে প্রাণঘাতী বন্দুক হামলাও যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছিল।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে তদন্তাধীন। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে অভিযুক্ত, দোষী সাব্যস্ত নন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

নাম পরিবর্তনের পরিকল্পনা করছে ফেসবুক

নিউইয়র্ক সিটি অভিবাসীদের আগমনের সাথে তাল মিলিয়ে চলতে লড়াই করছে

ইসলাম অবমাননার অভিযোগে ট্রাম্পের সমালোচনা, যুদ্ধের হুমকিতে উদ্বেগ বাড়ছে