TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মৃত্যু ও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার খবরঃ যুক্তরাজ্যে নিষিদ্ধ হলো চিকুনগুনিয়ার টিকা

যুক্তরাজ্যে মৃত্যু, হাসপাতালে ভর্তি ও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার খবরের পর চিকুনগুনিয়া প্রতিরোধী আইএক্সসিএইচআইকিউ (IXCHIQ) টিকার ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সংস্থাটি স্বাস্থ্যকর্মীদের এই টিকা আর ব্যবস্থাপত্রে না লিখতে এবং কাউকে প্রয়োগ না করতে নির্দেশ দেয়। আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিকল্প প্রতিরোধমূলক ব্যবস্থা বিবেচনার পরামর্শও দেওয়া হয়েছে।

আইএক্সসিএইচআইকিউ একটি জীবিত ভাইরাসভিত্তিক টিকা, যা চিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণকারী প্রাপ্তবয়স্কদের সংক্রমণ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। তবে টিকাটির অনুমোদনের পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার মধ্যে চিকুনগুনিয়ার মতো উপসর্গের পাশাপাশি মস্তিষ্কের প্রদাহসহ বিরল স্নায়বিক জটিলতাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনাগুলো প্রধানত বয়স্ক ব্যক্তি এবং আগে থেকে শারীরিক অসুস্থতা থাকা মানুষের মধ্যে দেখা গেছে। তবে পরিচিত কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই, এমন ব্যক্তিদের মধ্যেও এসব ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং মৃত্যুর ঘটনাও রিপোর্ট করা হয়েছে।

এমএইচআরএ জানিয়েছে, স্বাস্থ্যসেবাকর্মীদের অবশিষ্ট টিকার মজুত নির্ধারিত নিয়ম অনুযায়ী নষ্ট করতে হবে। তবে যারা আগে এই টিকা নিয়েছেন এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি, তাদের জন্য ঝুঁকির আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তাদের পুনরায় টিকা নেওয়া বা অন্য কোনো চিকিৎসা গ্রহণের প্রয়োজন নেই।

অন্যদিকে, যারা টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন, তাদের চিকিৎসকের পরামর্শ নিতে এবং যুক্তরাজ্যের ইয়েলো কার্ড ব্যবস্থার মাধ্যমে বিষয়টি রিপোর্ট করতে বলা হয়েছে।

চিকুনগুনিয়া মূলত সংক্রমিত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এ মশা সাধারণত দিনের বেলায়, বিশেষ করে সূর্যোদয়ের পর এবং সন্ধ্যার কাছাকাছি সময়ে বেশি সক্রিয় থাকে।

আক্রান্ত অধিকাংশ মানুষ এক থেকে দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠলেও কারও কারও ক্ষেত্রে তীব্র গিঁটের ব্যথা কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। যুক্তরাজ্য থেকে চিকুনগুনিয়া সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের বিকল্প প্রতিরোধব্যবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া, মশা প্রতিরোধক ব্যবহার এবং স্বাস্থ্যবিষয়ক ভ্রমণ নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ ডেইলি স্টার, লিভারপুল ইকো

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে সপ্তাহ জোরে ট্রেন লাইন ধর্মঘটের ডাক

নিউজ ডেস্ক

ঝড় ‘এমি’র তাণ্ডবে ব্রিটেন-আয়ারল্যান্ড বিপর্যস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারো মানুষ

যুক্তরাজ্যে ৫ থেকে ৭ বছর বয়সীদের এক চতুর্থাংশের হাতে স্মার্টফোনঃ গবেষণা