TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এসেক্সে পোষা কুকুরের হামলায় কিশোরীর মৃত্যু

ইংল্যান্ডের এসেক্স অঞ্চলে পোষা কুকুরের হামলায় এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম জেমি-লিয়া বিসকো (১৯) বলে জানিয়েছে এসেক্স পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে ডানমোর এলাকার লিডেন রোডিংয়ে একটি বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

রোববার পুলিশ জানায়, জব্দ করা কুকুরটি পরিবারের পোষা প্রাণী ছিল এবং ধারণা করা হচ্ছে এটি ‘লার্চার-ক্রস’ জাতের। তবে কুকুরটির সঠিক জাত নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুকুরের আক্রমণে প্রাপ্ত আঘাতেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনার পর ডানমোর এলাকার ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন বিপজ্জনক কুকুরের দায়িত্বে থাকা এবং সেই কারণে মৃত্যুর ঘটনা ঘটানোর অভিযোগে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত চলমান থাকায় তাকে জামিনে মুক্ত রাখা হয়েছে এবং আগামী জুলাই পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে।

এসেক্স পুলিশের সহকারী প্রধান কনস্টেবল স্টুয়ার্ট হুপার বলেন, নিহত কিশোরীর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দারা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং নিহতের পরিবারকে সহায়তা দিতে বিশেষজ্ঞ কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে পরিবারটির শোক ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

পুলিশ জানায়, তারা এখনও ঘটনাস্থলে অবস্থান করছে এবং এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা জানাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

বিজ্ঞানীদের পথ দেখালেন পারকিনসন্সের গন্ধ সনাক্ত করতে পারা নারী!

অনলাইন ডেস্ক

মুখে ট্যাটুর কারণে দুবাই থেকে ফেরত, অপমানিত ব্রিটিশ পাসপোর্টধারী যাত্রীর হলিডে বাতিল

যুক্তরাজ্যে রোবোট্যাক্সি চালুর জন্য প্রস্তুত উবার, কিন্তু সরকারের অনুমোদন পেছালো