ইংল্যান্ডের সাউদাম্পটনে ১৮ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হেনরি নোভাক হত্যা মামলায় খুনি ভিকরুম ডিগওয়াকে সহায়তা করার অপরাধে তার মা কিরণ কৌরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ছুরিটি সরিয়ে নিয়ে প্রমাণ গোপনের চেষ্টা করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ৩ ডিসেম্বর ২৩ বছর বয়সী ভিকরুম ডিগওয়া ছুরিকাঘাতে হেনরি নোভাককে হত্যা করেন। ঘটনার পর তিনি মিথ্যা দাবি করেন, হেনরি তাকে বর্ণবাদীভাবে অপমান করেছিলেন। তবে তদন্তে সেই দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়। চলতি বছরের জুনে ডিগওয়াকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অন্তত ২১ বছর কারাগারে থাকতে হবে।
হত্যাকাণ্ডের পর ভিকরুমের মা, ৫৩ বছর বয়সী কিরণ কৌর, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, খাপ ও বেল্ট সরিয়ে পরিবারের বাড়িতে নিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশ ছুরিটি উদ্ধার করে এবং সেটিকে হত্যার অস্ত্র হিসেবে শনাক্ত করে।
শুক্রবার (১৭ জুলাই) সাউদাম্পটন ক্রাউন কোর্টে রায় ঘোষণাকালে বিচারক উইলিয়াম মাউসলি বলেন, একজন দায়িত্বশীল অভিভাবকের উচিত ছিল ছেলেকে আত্মসমর্পণ করতে এবং সত্য প্রকাশে উৎসাহিত করা। কিন্তু কিরণ কৌর তা না করে হত্যার অস্ত্র লুকিয়ে তদন্তে বাধা সৃষ্টি করেছেন। তার এই পদক্ষেপ ছেলের মিথ্যা বক্তব্যকে আরও জোরালো করেছে এবং তদন্তকে বিভ্রান্ত করেছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, হত্যার অস্ত্র সরিয়ে নেওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ প্রমাণ থেকে বঞ্চিত হয় এবং তদন্তের শুরুতে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের মতে, কিরণ কৌরের ভূমিকা ছিল তদন্ত ব্যাহত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, কিরণ কৌর ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে করেননি। ছেলের কাছ থেকে ভুল তথ্য পেয়ে আতঙ্কিত অবস্থায় তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি অস্ত্র ধ্বংস বা গোপন করার চেষ্টা করেননি বলেও আদালতে যুক্তি তুলে ধরা হয়।
তবে বিচারক বলেন, কিরণ কৌর জানতেন তার ছেলে কাউকে ছুরিকাঘাত করেছে এবং এমন পরিস্থিতিতে হত্যার অস্ত্র সরিয়ে নেওয়ার কোনো ন্যায্যতা থাকতে পারে না। যদিও তিনি ব্যক্তিগত লাভের জন্য নয়, ছেলেকে রক্ষা করার উদ্দেশ্যে কাজ করেছিলেন, তবুও অপরাধের গুরুত্ব বিবেচনায় কারাদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি উপযুক্ত নয়।
রায়ে বিচারক হেনরি নোভাককে একজন মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় তরুণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তার মৃত্যু পরিবারের জন্য আজীবনের অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
এদিকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) জানিয়েছে, হত্যাকারীকে আইনের হাত থেকে বাঁচাতে যারা প্রমাণ গোপন বা তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ আইটিভি এক্স
এম.কে

