13.1 C
London
October 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয়ের চাপে সংকটঃ ওয়েস্ট মিডল্যান্ডসের ৫ জনে ১ জন দারিদ্র্যে

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মধ্যে হাইজিন দারিদ্র্যের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, গত ছয় মাসে অঞ্চলটির প্রতি পাঁচজনের একজন অর্থাৎ ২০ শতাংশ মানুষ বা তাদের পরিবারের কেউ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্য কিনতে না পারার পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

ইন কাইন্ড ডাইরেক্ট এবং দ্য হাইজিন ব্যাংকের যৌথ গবেষণায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে হাইজিন দারিদ্র্যের মাত্রা বিশ্লেষণ করা হয়েছে। এতে ওয়েস্ট মিডল্যান্ডসকে হাইজিন দারিদ্র্যে আক্রান্ত অঞ্চলের তালিকায় তৃতীয় অবস্থানে রাখা হয়েছে।

পুরো যুক্তরাজ্যে জরিপে অংশ নেওয়া প্রাপ্তবয়স্কদের প্রায় ১৮ শতাংশ জানিয়েছেন, গত ছয় মাসে তারা হাইজিন দারিদ্র্যের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। জরিপে অংশ নেওয়া ২০ শতাংশ মানুষ বলেছেন, এক বছরেরও বেশি সময় ধরে তারা এই সমস্যার মধ্যে রয়েছেন।

এ ছাড়া ৩০ শতাংশ জানিয়েছেন, চলতি বছর থেকেই তারা নিয়মিতভাবে হাইজিন দারিদ্র্যের মুখোমুখি হয়েছেন। আরও ৪১ শতাংশ বলেছেন, চলতি বছর এক বা দুইবার প্রথমবারের মতো প্রয়োজনীয় পরিচ্ছন্নতা পণ্যের অভাবে পড়েছেন।

গবেষণায় দেখা গেছে, ১৮ বছরের কম বয়সী সন্তান থাকা অভিভাবকদের মধ্যে হাইজিন দারিদ্র্যের হার ২৬ শতাংশ। সন্তান নেই এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ১৪ শতাংশ।

তরুণদের মধ্যেও সংকটের মাত্রা তুলনামূলকভাবে বেশি। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৩১ শতাংশ গত ছয় মাসে অন্তত একটি প্রয়োজনীয় পণ্য ছাড়া চলতে বাধ্য হয়েছেন। বিপরীতে ৫৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই হার মাত্র ৬ শতাংশ।

নিম্ন আয়ের পরিবারের ২৪ শতাংশ এবং শ্রমজীবী শ্রেণির ২৩ শতাংশ মানুষ হাইজিন দারিদ্র্যের শিকার হয়েছেন, যা জাতীয় গড়ের চেয়ে বেশি। ভাড়াবাড়িতে বসবাসকারীদের মধ্যেও এই সমস্যা বেশি দেখা গেছে। ভাড়াটিয়াদের ২৪ শতাংশ হাইজিন দারিদ্র্যের অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যেখানে নিজস্ব বাড়ির মালিকদের ক্ষেত্রে এই হার ১১ শতাংশ।

ইন কাইন্ড ডাইরেক্টের প্রধান নির্বাহী মাইকেল গিডনি এই পরিস্থিতিকে ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, হাইজিন দারিদ্র্য এখন শুধু সমাজের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই; এমন পরিবারও এতে আক্রান্ত হচ্ছে, যারা সম্প্রতি পর্যন্ত নিজেদের আর্থিকভাবে নিরাপদ মনে করত।

তিনি জানান, একটি পরিবারে দুজন পূর্ণকালীন চাকরিজীবী থাকা সত্ত্বেও তারা ব্যাংক হিসাবে ঋণাত্মক অবস্থায় চলে গিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে।

গবেষণা অনুযায়ী, যুক্তরাজ্যে প্রায় ৯৬ লাখ মানুষ হাইজিন দারিদ্র্যের মধ্যে রয়েছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, এই সংকট মানুষের দৈনন্দিন জীবন, কাজ, শিক্ষা ও সমাজে অংশগ্রহণের ওপরও প্রভাব ফেলতে পারে।

ইন কাইন্ড ডাইরেক্ট এবং দ্য হাইজিন ব্যাংক সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় সম্প্রদায়কে একসঙ্গে কাজ করে হাইজিন দারিদ্র্য মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছে।

সূত্রঃ বার্মিংহাম মেইল

এমকে

আরো পড়ুন

মাইগ্র্যান্টদের অর্থ আত্মসাৎঃ যুক্তরাজ্যে ছয় ইমিগ্রেশন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা

ইতিহাসের দীর্ঘতম মন্দার মধ্যে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য

ভিসা সুইচিংয়ে পাকিস্তানিদের অবৈধ প্রবেশের রেকর্ডঃ ব্রিটেনের ইমিগ্রেশন ব্যবস্থায় চরম সংকট