15.5 C
London
September 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে টিকটকের ভিডিও বানাতে ইহুদি ব্যক্তিকে হয়রানিঃ দোষ স্বীকার দুই তরুণের

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের জন্য কনটেন্ট তৈরি করতে গিয়ে এক ইহুদি ব্যক্তিকে লক্ষ্য করে গালিগালাজ ও হয়রানির ঘটনায় দুই তরুণ দোষ স্বীকার করেছেন। ঘটনাটি পূর্ব লন্ডনের ইহুদি অধ্যুষিত এলাকায় সংঘটিত হওয়ায় তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

উত্তর-পশ্চিম লন্ডনের হিলিংডনের বাসিন্দা অ্যাডাম বেদুই (২০) এবং আবদেলকাদের বুসলুব (২১) শনিবার টেমস ম্যাজিস্ট্রেটস কোর্টে ধর্মীয় বিদ্বেষপ্রসূত জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দোষ স্বীকার করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার তারা পূর্ব লন্ডনের হ্যাকনিতে যায়, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। পরে ক্ল্যাপটন কমনে এক ইহুদি ব্যক্তির কাছে গিয়ে তাকে মৌখিকভাবে হেনস্তা ও গালিগালাজ করা হয়। পুরো ঘটনাটি টিকটকে প্রকাশের উদ্দেশ্যে ভিডিও করা হচ্ছিল।

রাত প্রায় ৯টার দিকে ইহুদি সম্প্রদায়ের সদস্যদের হয়রানির অভিযোগ পেয়ে মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং পাঁচজনকে আটক করে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও দ্রুত বেদুই ও বুসলুবকে গ্রেপ্তার করা হয়। শনিবারই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

অন্য তিন সন্দেহভাজন— দুইজন ২০ বছর বয়সী এবং একজন ২১ বছর বয়সী— তদন্ত চলমান থাকায় জামিনে মুক্তি পেয়েছেন।

হ্যাকনি ও টাওয়ার হ্যামলেটস এলাকার দায়িত্বপ্রাপ্ত ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অলিভার রিখটার ঘটনাটিকে “পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ইহুদিবিদ্বেষী হামলা” হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “ঘৃণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রকাশের পরিকল্পনা ঘটনাটিকে আরও গুরুতর করেছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং লন্ডনে এর কোনো স্থান নেই।”

তিনি আরও বলেন, পুলিশ যেভাবে দ্রুত অভিযুক্তদের সনাক্ত, গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে, তা স্পষ্ট বার্তা দিচ্ছে— ঘৃণাজনিত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মেট পুলিশ জানিয়েছে, সম্প্রতি ইহুদিবিদ্বেষী অপরাধ বেড়ে যাওয়ায় নতুন একটি বিশেষ কমিউনিটি প্রোটেকশন টিম গঠন করা হয়েছে। গত চার সপ্তাহে এমন অপরাধে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আগামী মাসে আদালত অ্যাডাম বেদুই ও আবদেলকাদের বুসলুবের সাজা ঘোষণা করবেন বলে জানা যায়।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

হেরফের হয়নি বেতনে, চার দিনের অফিস স্থায়ী করেছে অনেক প্রতিষ্ঠান ব্রিটেনে

ফিলিস্তিন অ্যাকশন সমর্থন বিক্ষোভ ঘিরে পুলিশ-যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থান

অপরাধ নয়, তবুও নথিভুক্ত—এনসিএইচআই নিয়ে বড় পরিবর্তনের পথে যুক্তরাজ্য