13 C
London
October 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণের সময় ইসলামবিদ্বেষবিরোধী সম্মেলনঃ বিতর্কে কাউন্সিল

প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণ দিবসের দুই মিনিট নীরবতার সময়ের সঙ্গে ইসলামবিদ্বেষবিরোধী সম্মেলনের ঘোষিত সময় মিলে যাওয়ায় বিতর্কের মুখে পড়েছে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। তবে কাউন্সিল জানিয়েছে, সম্মেলনটি ১১ নভেম্বর নয়, ১০ নভেম্বর আয়োজনের পরিকল্পনা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তারিখের ভুল প্রকাশিত হওয়ায় দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কাউন্সিলের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাওয়ার হ্যামলেটস ইসলামোফোবিয়া অ্যাওয়ারনেস মান্থ কনফারেন্স’ শীর্ষক একটি অনুষ্ঠানের প্রচার করা হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ডোন্ট লেট ইট স্লাইড’। সেখানে ইসলামবিদ্বেষ নিয়ে আলোচনা এবং স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীদারদের একত্রিত করার কথা উল্লেখ করা হয়।

প্রচারিত পোস্টে সম্মেলনের তারিখ ১১ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উল্লেখ করা হয়েছিল। যুক্তরাজ্যে ১১ নভেম্বর সকাল ১১টায় প্রথম বিশ্বযুদ্ধের অবসান স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। যুদ্ধে প্রাণ হারানো লাখো ব্রিটিশ নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এ কর্মসূচি পালন করা হয়।

জিবি নিউজের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কাউন্সিলের কাছে ব্যাখ্যা চাওয়া হলে, যোগাযোগের প্রায় এক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। পরে কাউন্সিলের একজন মুখপাত্র জানান, এটি ছিল মানবিক ভুল। সম্মেলনটি শুরু থেকেই ১০ নভেম্বর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ‘মানবিক ভুলের কারণে এক্সে প্রকাশিত ইসলামবিদ্বেষবিরোধী সচেতনতামূলক মাসের অনুষ্ঠানের পোস্টে ভুল তারিখ দেওয়া হয়েছিল। অনুষ্ঠানটি সব সময় ১০ নভেম্বর আয়োজনের পরিকল্পনা ছিল। এ কারণে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।’

কাউন্সিল আরও জানায়, স্মরণসভা উপলক্ষে তারা একাধিক কর্মসূচি আয়োজন করছে এবং প্রতিবছরের মতো এবারও এ আয়োজনের প্রতি তাদের শ্রদ্ধা ও অঙ্গীকার রয়েছে। পাশাপাশি ১১ নভেম্বর টাউন হলে দুই মিনিট নীরবতা পালনের বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক পর্যায়ে প্রশ্ন উঠেছে। উইন্ডসর আসনের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য জ্যাক র‍্যাঙ্কিন বিষয়টি খতিয়ে দেখতে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন। সম্মেলনটির পরিকল্পনা ও প্রচারে কীভাবে ভুলটি ঘটেছে, তা জানতে চাওয়ার পাশাপাশি তিনি কাউন্সিলের স্মরণ দিবসের আয়োজন এবং ইসলামবিদ্বেষবিরোধী মাসের কর্মসূচিতে ব্যয়ের তুলনাও জানতে চেয়েছেন।

অন্যদিকে, রিস্টোর ব্রিটেন দলের নেতা রুপার্ট লোও সম্মেলনটির পরিকল্পনা, অনুমোদন, অর্থায়ন, আয়োজন ও প্রচারসংক্রান্ত অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগের তথ্য চেয়ে আলাদা তথ্য অধিকার আবেদন করেছেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন অ্যাসপায়ার পার্টি পরিচালিত কাউন্সিলটি জানিয়েছে, স্মরণ দিবসের কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে। সম্মেলনের তারিখ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি কর্তৃপক্ষের ব্যাখ্যায় বিষয়টি নির্ধারিত সময়ের ভুল হিসেবে তুলে ধরা হয়েছে।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ভুয়া তথ্যে সমাজে সহিংসতার ঝুঁকি বাড়ছেঃ সরকারি হস্তক্ষেপ চান মেয়র

লকডাউনে বরিস জনসনের আরেকটি গোপন পার্টির খবর ফাঁস!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে মসজিদের সুরক্ষা তহবিল গ্রহণে ‘প্রমাণের বাধা’ তুলে নেওয়ার দাবি