যুক্তরাজ্যে বিনামূল্যে এনএইচএস প্রেসক্রিপশন পাওয়ার যোগ্য ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বিশেষ করে চিকিৎসাজনিত কারণে বিনামূল্যে প্রেসক্রিপশন নেওয়া ব্যক্তিদের সনদের মেয়াদ খেয়াল করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুলাই থেকে করা আবেদনের ক্ষেত্রে চিকিৎসাজনিত ছাড়ের সনদ সাধারণত ১০ বছরের জন্য বৈধ হবে। এর আগে ইস্যু করা সনদের মেয়াদ সাধারণত পাঁচ বছর।
ইংল্যান্ডে সাধারণভাবে এনএইচএসের প্রেসক্রিপশনের জন্য নির্ধারিত ফি দিতে হয়। তবে নির্দিষ্ট বয়স, সরকারি ভাতা, আয় এবং কিছু চিকিৎসাজনিত অবস্থার ভিত্তিতে মানুষ বিনামূল্যে প্রেসক্রিপশন পাওয়ার যোগ্য হতে পারেন। স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে এনএইচএস প্রেসক্রিপশন বিনামূল্যে।
চিকিৎসাজনিত কারণে ছাড় পেতে হলে নির্দিষ্ট রোগ বা শারীরিক অবস্থার জন্য বৈধ চিকিৎসাজনিত ছাড়ের সনদ থাকতে হয়। এনএইচএস বিজনেস সার্ভিসেস অথরিটি জানিয়েছে, ১৬ জুলাই ২০২৬-এর আগে আবেদন করা হলে সনদ সাধারণত পাঁচ বছর কার্যকর থাকবে। নতুন নিয়মে পরবর্তী আবেদনকারীদের জন্য মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।
যেসব চিকিৎসাজনিত অবস্থার ক্ষেত্রে ছাড়ের সনদ পাওয়ার সুযোগ রয়েছে, তার মধ্যে রয়েছে হাইপোপ্যারাথাইরয়ডিজম, থাইরয়েড হরমোন প্রতিস্থাপনের প্রয়োজন হয় এমন হাইপোথাইরয়ডিজম, ডায়াবেটিস ইনসিপিডাস, নির্দিষ্ট ধরনের হাইপোপিটুইটারিজম, স্থায়ী ফিস্টুলা, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, নিয়মিত খিঁচুনি প্রতিরোধী চিকিৎসা প্রয়োজন এমন মৃগীরোগ এবং খাদ্যাভ্যাস ছাড়া অন্য চিকিৎসার প্রয়োজন হয় এমন ডায়াবেটিস মেলিটাস। অন্যের সহায়তা ছাড়া বাইরে যেতে না পারার মতো স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতাও নির্দিষ্ট শর্তে এর আওতায় পড়ে।
তবে শুধু রোগ থাকলেই স্বয়ংক্রিয়ভাবে বিনামূল্যে প্রেসক্রিপশন পাওয়া যায় না—যেসব ক্ষেত্রে চিকিৎসাজনিত ছাড়ের সনদ প্রয়োজন, সেখানে বৈধ সনদ থাকা জরুরি। এনএইচএস জানিয়েছে, যোগ্যতা যাচাই করার জন্য অনলাইন ব্যবস্থাও রয়েছে।
বৈধ সনদ ছাড়া বিনামূল্যে প্রেসক্রিপশন দাবি করলে আর্থিক জরিমানার ঝুঁকি রয়েছে। ভুলভাবে ছাড় দাবি করা হলে মূল প্রেসক্রিপশন ফি-এর পাশাপাশি সর্বোচ্চ ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। তাই ফার্মেসিতে বিনামূল্যে প্রেসক্রিপশনের দাবি করার আগে নিজের যোগ্যতা এবং সনদের মেয়াদ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএইচএস বিজনেস সার্ভিসেস অথরিটি সাধারণত কোনো চিকিৎসাজনিত ছাড়ের সনদের মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে মনে করিয়ে দেয়। তবে সনদ বৈধ আছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব ব্যক্তির নিজের। মেয়াদ শেষ হয়ে গেলে নতুন সনদের জন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এদিকে বয়সের ভিত্তিতেও অনেকেই বিনামূল্যে প্রেসক্রিপশন পাওয়ার যোগ্য। বর্তমানে ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ইংল্যান্ডে বিনামূল্যে এনএইচএস প্রেসক্রিপশন পাওয়ার অধিকার রয়েছে এবং তাদের এ জন্য চিকিৎসাজনিত ছাড়ের সনদের আবেদন করতে হয় না।
এ ছাড়া নির্দিষ্ট সরকারি ভাতা পাওয়া ব্যক্তি, বৈধ মাতৃত্বকালীন ছাড়ের সনদধারী এবং স্বল্প আয়ের নির্দিষ্ট শ্রেণির মানুষও নিয়ম অনুযায়ী বিনামূল্যে প্রেসক্রিপশনের সুবিধা পেতে পারেন। তাই প্রেসক্রিপশনের জন্য অর্থ দেওয়ার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী বিনামূল্যে পাওয়ার যোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ মিরর
এম.কে

