8 C
London
February 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে লাইভ ফেসিয়াল রিকগনিশনে ধরা পড়ল পলাতক শিশু যৌন অপরাধী

লাইভ ফেসিয়াল রিকগনিশন (এলএফআর) প্রযুক্তির সহায়তায় লন্ডনের হ্যাকনিতে শিশু যৌন অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত এক পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ প্যাটেল (৬১), যিনি আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ সালে ডালস্টনের কিংসল্যান্ড হাই স্ট্রিটে মোতায়েন করা একটি এলএফআর ভ্যানের ক্যামেরায় মোহাম্মদ প্যাটেল শনাক্ত হন।
শনাক্ত হওয়ার পর ঘটনাস্থলেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে গ্রেপ্তার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাস্তায় হাঁটার সময় তাকে পুলিশি তল্লাশি ও আটক করার দৃশ্য দেখা যায়।
আদালতের নথি অনুযায়ী, পূর্ব লন্ডনের স্টোক নিউইংটনের বাসিন্দা মোহাম্মদ প্যাটেল ১৬ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে অনলাইনে যৌন যোগাযোগ স্থাপন এবং তাকে সরাসরি দেখা করার চেষ্টা করার অভিযোগে দোষ স্বীকার করেন।
অভিযোগে বলা হয়, ২০২০ সালের ৯ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত তিনি একটি অনলাইন চ্যাটরুমে ১২ বছর বয়সী এক মেয়ের সঙ্গে নিয়মিত কথোপকথন চালান। এ সময় তিনি মেয়েটির পোশাক সংক্রান্ত প্রশ্ন করেন এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
পুলিশি তদন্ত শেষে ৩০ মে ২০২৫ তারিখে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
তবে ২৭ জুন ২০২৫ সালে হাইবুরি কর্নার ম্যাজিস্ট্রেটস কোর্টে নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় তাকে পলাতক হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে এলএফআর প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর মামলার চূড়ান্ত শুনানি শেষে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি আদালত তাকে ১২ মাসের কারাদণ্ড দেন, যা ১২ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি তাকে ১০ বছরের জন্য যৌন অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
মেট্রোপলিটন পুলিশের ফেসিয়াল রিকগনিশন বিভাগের প্রধান লিন্ডসি চিসউইক বলেন, লাইভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বিপজ্জনক ও পলাতক অপরাধীদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি লন্ডনকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে।
মেট পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত এলএফআর প্রযুক্তির মাধ্যমে এক হাজার ৭০০-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ধর্ষণ, শিশু যৌন অপরাধ এবং গুরুতর সহিংস অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

পার্টিগেট কেলেঙ্কারি: ছবিসহ ফূর্তির প্রমাণ মুছে ফেলার কথা স্বীকার

অনলাইন ডেস্ক

স্থূলতা ও আচরণগত সমস্যায় যুক্তরাজ্য সরকারের কড়াকড়িঃ শিশুদের হাতে আর নয়এনার্জি ড্রিঙ্ক

বেথনালগ্রিনে বাংলাদেশি নারী হত্যাকাণ্ডের এক সন্দেহভাজন আটক