TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সেন্ট্রাল লন্ডনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনাঃ নারী গ্রেপ্তার

সেন্ট্রাল লন্ডনের একটি ব্যস্ত সড়কে ভোররাতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ২৯ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে ধরে নিয়ে তদন্ত চলছে।

জানা গেছে, রবিবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে আর্গাইল স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৩০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় ৫০ বছর বয়সী এক পুরুষ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে স্থায়ী শারীরিক ক্ষতির ঝুঁকিতে রয়েছেন। এছাড়া আরও এক নারী সামান্য আহত হয়েছেন।

ঘটনার পরপরই গাড়ির চালক ২৯ বছর বয়সী ওই নারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, গুরুতর শারীরিক ক্ষতি, বেপরোয়া গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সোহো এলাকার একটি সড়কে ঘটে, যা অক্সফোর্ড স্ট্রিট-এর নিকটে অবস্থিত। আশপাশে বিনোদনকেন্দ্র থাকায় ভোরের সময়েও সেখানে মানুষের উপস্থিতি ছিল।
তদন্ত কর্মকর্তা এলিসন ফক্সওয়েল জানিয়েছেন, ঘটনাটি সন্ত্রাসবাদ-সংক্রান্ত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ভোরের সময়েও আশপাশের বিভিন্ন স্থান খোলা থাকায় অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করে থাকতে পারেন। তাই যারা ঘটনাটি দেখেছেন বা ঘটনার আগে-পরে কোনো সন্দেহজনক কিছু লক্ষ্য করেছেন, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে, তাকে ১০১ নম্বরে যোগাযোগ করে ১৪০৪/১৯ এপ্রিল রেফারেন্স উল্লেখ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে প্রতিটি তথ্যই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে পার্ক করা বাসের আঘাতে প্রাণ গেলো একজন পথচারীর

ফেব্রুয়ারিতে কারাদণ্ড পেয়েছে লন্ডনের যেসব অপরাধী

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে সরকার,ইউনিয়ন মুখোমুখি