TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ৯৪ বছরের বৃদ্ধার বাড়িতে চুরি ও যৌন নির্যাতনঃ ১৮ বছরের কারাদণ্ড পেল যুবক

যুক্তরাজ্যের ডনকাস্টারে ৯৪ বছর বয়সী এক বৃদ্ধার বাড়িতে চুরি করতে গিয়ে তাকে শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনায় ২৫ বছর বয়সী টাইলার ক্লার্ককে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

 

২০২৫ সালের ডিসেম্বর মাসে ডনকাস্টারের একটি বাংলো বাড়িতে এক বৃদ্ধার ওপর হামলা ও চুরির অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে সাউথ ইয়র্কশায়ার পুলিশ। তদন্তে জানা যায়, টাইলার ক্লার্ক চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে ৯৪ বছর বয়সী শিলা উডের ওপর হামলা চালায় এবং তাকে যৌন নির্যাতন করে।

ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞরা বাড়ি থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তদন্তে আসবাবপত্রে পাওয়া টাইলার ক্লার্কের আঙুলের ছাপ এবং ভুক্তভোগীর কাছ থেকে সংগ্রহ করা ফরেনসিক নমুনার সঙ্গে মিল পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা পোশাকের সঙ্গে মিল রয়েছে এমন একটি টুপি পরবর্তীতে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ভূমিকা রাখে।

তদন্তের একপর্যায়ে সাউথ ইয়র্কশায়ার পুলিশ ডনকাস্টারের বালবি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি আলমারির ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় টাইলার ক্লার্ককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে চুরি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়। আদালতে তিনি উভয় অভিযোগই স্বীকার করেন।

তবে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই চলতি বছরের শুরুতে ভুক্তভোগী শিলা উড মারা যান। ফলে রায় ঘোষণার দিন তিনি আর জীবিত ছিলেন না।

২০২৬ সালের আগস্টে আদালত টাইলার ক্লার্ককে ১৮ বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী, তিনি ১৩ বছর কারাগারে থাকবেন এবং মুক্তির পর আরও পাঁচ বছর বর্ধিত লাইসেন্স (Extended Licence)-এর আওতায় থাকবেন। এই সময় তার ওপর কঠোর নজরদারি ও বিভিন্ন আইনি শর্ত প্রযোজ্য থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আধুনিক ফরেনসিক প্রযুক্তি, আঙুলের ছাপ, জৈবিক আলামত এবং সিসিটিভি ফুটেজের সমন্বিত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে। পুলিশ বলছে, গুরুতর অপরাধের ক্ষেত্রে বৈজ্ঞানিক তদন্তের গুরুত্ব এই মামলায় আবারও প্রমাণিত হয়েছে।

সূত্রঃ ক্রিমিনাল মাইন্ড ১০১

এম.কে

আরো পড়ুন

দক্ষিণ ইংল্যান্ডে ৩৫ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কা, হাসপাতাল ও পরিবহন সেবায় প্রভাবের সতর্কতা

যুক্তরাজ্যের আটককেন্দ্রে মানব পাচারের ভিকটিমদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি

বিভিন্ন দেশের যুক্তরাজ্য প্রবেশে ভিসা মুক্ত সুবিধা বাতিল