যুক্তরাজ্যের নটিংহাম শহরের কেন্দ্রস্থলে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়া এক পুরুষ ও এক নারীকে খুঁজছে গোয়েন্দারা। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ১৮ অক্টোবর রোববার ভোরে নটিংহামের অ্যাঞ্জেল রো এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর প্রায় ৪টা ৫০ মিনিটে ওই দুই সন্দেহভাজনের কাছে যাওয়ার পর পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়। তার পায়ে গুলি লাগে।
আহত ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
নটিংহামশায়ার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত দ্রুত এগোচ্ছে। গোয়েন্দারা বিভিন্ন সূত্র ধরে কাজ করছেন এবং সন্দেহভাজন দুজনকে শনাক্ত করে তাদের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি বজায় থাকবে।
নটিংহামশায়ার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল ক্লেয়ার রুকাস ঘটনাটিকে জনসমক্ষে ঘটে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শীদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে পুলিশ বুঝতে পারছে।
আহত কর্মকর্তার কাছে জরুরি সেবাকর্মীরা পৌঁছানোর আগেই যারা তাকে সহায়তা করতে এগিয়ে এসেছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ক্লেয়ার রুকাস আরও বলেন, আহত কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতিও পুলিশের সমর্থন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে অভিজ্ঞ গোয়েন্দারা দ্রুত কাজ করছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় শহরের বাসিন্দা, কর্মজীবী মানুষ ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে বলে স্বীকার করেছে পুলিশ। তবে সাধারণ মানুষের জন্য আরও বড় কোনো হুমকি রয়েছে—এমন তথ্য বর্তমানে তাদের কাছে নেই বলে জানিয়েছে বাহিনী। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল বলেও উল্লেখ করা হয়েছে।
তদন্ত চলাকালে এলাকায় পুলিশের টহল ও উপস্থিতি বাড়ানো হয়েছে। উদ্বেগ বা প্রশ্ন থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পুলিশ কর্মকর্তারা সেখানে থাকবেন।
ঘটনা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নটিংহামশায়ার পুলিশকে ১০১ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে ১৮ অক্টোবরের ১০৬ নম্বর ঘটনাসূত্র উল্লেখ করতে হবে। চাইলে পরিচয় গোপন রেখে ক্রাইমস্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরেও তথ্য দেওয়া যাবে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

