যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ফেন্টানিল নামের শক্তিশালী মাদক দিয়ে এক কলেজছাত্রীকে অচেতন করে ধর্ষণ এবং তার অর্ধনগ্ন ছবি বন্ধুদের পাঠানোর অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। ঘটনার তিন দিন পর হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয়। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস–এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত তরুণের নাম মোইসেস ফ্রেইরে। অভিযোগ, চলতি বছরের শুরুর দিকে ম্যানহাটনের একটি ছাত্রাবাসে অ্যানাবেল রিখটার ও তার এক রুমমেটকে কোকেন বলে ফেন্টানিল দেওয়া হয়। এরপর অ্যানাবেল অচেতন হয়ে পড়লে ফ্রেইরে তাকে ধর্ষণ করেন এবং দুই নারীর অর্ধনগ্ন ছবি বন্ধুদের কাছে পাঠান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার প্রায় ৪৫ মিনিট পর ফ্রেইরে ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীদের সহায়তার জন্য ফোন করেন। তিনি নিরাপত্তাকর্মীদের বলেছিলেন, দুই নারী অতিরিক্ত মদ্যপান করেছিলেন। তার দাবি ছিল, অ্যানাবেল অচেতন ছিলেন—এ বিষয়টি তিনি যৌনসম্পর্কের পর বুঝতে পারেন।
তবে গত এপ্রিলে আদালতে শুনানির সময় কৌঁসুলি আরিয়ানা ব্লুম এই বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নিরাপত্তাকর্মীর পরিধেয় ক্যামেরার ফুটেজে অভিযুক্তকে স্বাভাবিক ও নেশামুক্ত মনে হয়েছে। এমন পরিস্থিতিতে সম্পূর্ণ অচেতন একজন নারীর সঙ্গে যৌনসম্পর্কের সময় তিনি কিছুই বুঝতে পারেননি—এ দাবি বিশ্বাস করা কঠিন।
কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীরা দুই নারীকে ফেন্টানিলের তীব্র বিষক্রিয়ায় আক্রান্ত বলে শনাক্ত করেন। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং নালোক্সোন নামের প্রতিষেধক প্রয়োগের পর হাসপাতালে নেওয়া হয়। তবে অ্যানাবেল আর কখনো জ্ঞান ফিরে পাননি। অভিযোগপত্র অনুযায়ী, ২১ মার্চ হাসপাতালে তার মৃত্যু হয়।
অ্যানাবেলের মা ফ্লাভিয়া রোচা মেয়েকে প্রাণবন্ত, মেধাবী ও সুন্দর মনের মানুষ হিসেবে স্মরণ করেছেন। তিনি বলেন, অ্যানাবেলের সংগীত ও শিল্পকলা সম্পর্কে অনেক জ্ঞান ছিল এবং তার হাসি আশপাশের মানুষকেও আনন্দিত করত। নারীদের বিরুদ্ধে সহিংসতার শিকার ব্যক্তিরা যেন ন্যায়বিচার পান, সে বিষয়ে মেয়ের ঘটনা সচেতনতা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ফ্রেইরের আইনজীবী আগে আদালতে দাবি করেছিলেন, অ্যানাবেলের সঙ্গে তার সম্মতিতে যৌনসম্পর্ক ছিল। ফ্রেইরে বর্তমানে জামিন ছাড়াই আটক রয়েছেন। আগামী ২৮ অক্টোবর তার বিরুদ্ধে সংশোধিত অভিযোগে আদালতে আনুষ্ঠানিক শুনানি হওয়ার কথা। ধর্ষণের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত মাদক সরবরাহের অভিযোগসহ নতুন অভিযোগ আনা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ঘটনায় আরও দুজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ রয়েছে। ১৮ বছর বয়সী ব্রায়ান পেরালতা ক্যাব্রেরার বিরুদ্ধে ফ্রেইরেকে ফেন্টানিল সংগ্রহে সহায়তার অভিযোগে মাদক ষড়যন্ত্রের মামলা হয়েছে। অন্যদিকে, হ্যারি রোসালেস পিনো মাদক সরবরাহের কারণে মৃত্যুর ঘটনায় নিজের দোষ স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে ফ্রেইরের অন্তত ২০ বছরের কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। মামলার বিচার ২০২৭ সালের মার্চে হওয়ার কথা রয়েছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

