29.1 C
London
August 3, 2026
TV3 BANGLA
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত মেয়রের কড়া বার্তাঃ অভিবাসীদের পাশে থাকার ঘোষণা

কানেকটিকাট অঙ্গরাজ্যের নরউইচ শহরের মেয়র স্বর্ণজিৎ সিং যুক্তরাষ্ট্রের ফেডারেল অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নরউইচ শহর ফেডারেল অভিবাসন অভিযান পরিচালনায় আই,সি,ই-কে সহযোগিতা করবে না এবং অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বিদ্যমান অঙ্গরাজ্য আইন মেনে চলবে।

 

ভারতে জন্ম নেওয়া স্বর্ণজিৎ সিংয়ের পরিবার ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। পরে তিনি ২০০৭ সালের দিকে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে উচ্চশিক্ষা সম্পন্ন করেন, মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং কানেকটিকাটে ব্যবসা গড়ে তোলেন। নরউইচে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর ২০২৫ সালে তিনি নিউ ইংল্যান্ড অঞ্চলের প্রথম শিখ মেয়র হিসেবে নির্বাচিত হন।

সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে স্বর্ণজিৎ সিং বলেন, “নরউইচের কোনো বাসিন্দারই তার অভিবাসন অবস্থার কারণে কর্মস্থল বা স্কুলে যেতে ভয় পাওয়া উচিত নয়।” তিনি জানান, নরউইচ পুলিশ বিভাগ কানেকটিকাট ট্রাস্ট অ্যাক্ট অনুসরণ করবে এবং নিয়মের বাইরে গিয়ে আই,সি,ই-এর অভিবাসন অভিযান পরিচালনায় সহায়তা করবে না।

তিনি কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্টের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আই,সি,ই গো হোম। এখানে তোমরা স্বাগত নয়।” গভর্নর ল্যামন্টও চলতি বছরের শুরুতে ফেডারেল অভিবাসন নীতি নিয়ে সমালোচনামূলক অবস্থান নিয়েছিলেন এবং কানেকটিকাটকে বৈচিত্র্যময় ও অভিবাসীবান্ধব অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করেছিলেন।

স্বর্ণজিৎ সিংয়ের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার অবস্থানকে অভিবাসীদের অধিকারের পক্ষে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন, আবার কেউ তীব্র সমালোচনাও করেছেন। এর আগে তাকে ও তার পরিবারের বিরুদ্ধে অনলাইনে বর্ণবাদী মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কানেকটিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং এ ধরনের হুমকিকে কঠোর ভাষায় নিন্দা জানান।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের অবস্থানের মধ্যে যে টানাপোড়েন চলছে, স্বর্ণজিৎ সিংয়ের এই মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিতে পারে। বিশেষ করে তথাকথিত ‘সাংচুয়ারি’ নীতির পক্ষে থাকা শহরগুলোর সঙ্গে ফেডারেল সরকারের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া, সিটি মিরর

এম.কে

আরো পড়ুন

নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

বাংলাদেশসহ ছয় দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র্রের সতর্কতা

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাচ্ছেন ১ কোটি অভিবাসী