TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন। পাশাপাশি নিউ হ্যাম্পশায়ারের আইনসভায় সদস্য হিসেবে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামতে হয়নি শেখ রহমানকে। প্রকাশিত প্রাথমিক ফলাফলে তার পক্ষে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে। এর আগে গত ১৯ মে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন তিনি। ওই নির্বাচনে শেখ রহমান পেয়েছিলেন ৬ হাজার ১৮৮ ভোট, আর ম্যাককয়ের ভোট ছিল ৫ হাজার ১৬৬।

বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম নেওয়া শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন। ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো সিনেটর নির্বাচিত হয়েছিলেন তিনি। এবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম সিটি ইনসাইডারের প্রাথমিক প্রতিবেদনেও তার বিজয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। তবে নির্বাচনে তার মোট প্রাপ্ত ভোটের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জে পৈতৃক শিকড় থাকা মাসুদুর রহমান ২০২২ সালে প্রথমবার কানেকটিকাটের স্টেট সিনেটর নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো আসনটি ধরে রাখেন তিনি। এবারের জয় তার রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করেছে।

নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসনে নির্বাচনী সাফল্য পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রিপাবলিকান রাজনীতিক আবুল খান। এই আসনে দুইজন প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। প্রাথমিক ভোট গণনায় ১ হাজার ৮৭৩ ভোট পেয়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন তিনি। পরবর্তী ফলাফলে তার বিজয় নিশ্চিত হয়।

বাংলাদেশের পিরোজপুরে জন্ম নেওয়া আবুল খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। নিউ হ্যাম্পশায়ার আইনসভার তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে তিনি ইতোমধ্যে ছয় মেয়াদে অঙ্গরাজ্যটির আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের বিজয় তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আরও একটি সাফল্য যোগ করেছে।

২০২৪ সালের মার্কিন নির্বাচনে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মোট পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন শেখ রহমান, নাবিলা ইসলাম পার্কস, নূরুন নবী, মাসুদুর রহমান ও আবুল খান।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের এই ধারাবাহিক সাফল্য দেশটির রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রতিনিধিত্বের চিত্র তুলে ধরছে।

সূত্রঃ বাংলা টেলিগ্রাফ

এমকে

 

আরো পড়ুন

ঢাকার এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট, পায়ে হেঁটে গন্তব্যে ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার

নিউজ ডেস্ক

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গানবাংলা

নিউজ ডেস্ক

শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার